ছবিঘর

মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একসময় বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা ছিল এগারো শ। সেই সংখ্যা কমতে কমতে এখন অর্ধশতের ঘরে এসে ঠেকেছে। দুই ঈদে কিছু বন্ধ হল চালু হয়। তখন সংখ্যা বেড়ে গিয়ে দেড় শতাধিক হয়।

প্রায়ই শোনা যায় একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে।
এবার জানা গেল বগুড়ার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুবনও বন্ধ হয়েছে। চার বছর আগে হলটি আধুনিকায়ন করে সিনেপ্লেক্স করা হয়েছিল। ১৯ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সটি।

এখন কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। সিনেমার পরিবর্তে এখন সেখানে বিয়েবাড়ির আয়োজনই দেখা যায়।
এই বিষয়ে হলটির মালিক রোকনুজ্জামান ইউনূসের ছেলে এস এম ইউনূস বলেন, ‘সিনেমা চালাতে পারছি না। আমাদের এখানে তো স্টার সিনেপ্লেক্সের মতো সুবিধা নেই।

প্রতি মাসে অনেক খরচ, সেই খরচ তুলতে পারছি না। বন্ধের আগে তিন মাসে প্রায় ৯ লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন কোনো না কোনোভাবে তো খরচ কিছুটা তুলতে হবে, তাই হলের আউটডোরটা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করছি। আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব, নতুন সরকার এলে আমাদের দাবি জানাব। তারা যদি সহযোগিতা করে তাহলে সিনেমা হল থাকবে, নাহলে একেবারে বন্ধ করে দেব।