লাইফ স্টাইল

মচমচে চিকেন পাকোড়া

নিউজ ডেস্ক৭ মে ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সারাদিন রোজার পর ইফতারে সবাই নানা স্বাদের খাবার খেতে পছন্দ করেন। নিয়মিত খাবারের সঙ্গে নতুন কোনও রেসিপি যোগ হলে তা ইফতারে ভিন্ন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞদের মতে, সেহরি এবং ইফতারে প্রোটিন রাখা জরুরি।সেক্ষেত্রে মুরগী দিয়ে তৈরি চিকেন পাকোড়া রাখতে পারেন ইফতারে। স্বাদের পাশাপাশি এটি শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ করবে।

উপকরণ : মুরগীর বুকের মাংস ২ টুকরা ছোট ছোট করে কাটা,  পেঁয়াজ বাটা ১টি, আদা বাটা আধা চা চামচ, মরিচের গুড়া ১ চা চামচ, হলুদের গুড়া সামান্য, গরম মসলা আধা চামচ, ধনিয়ার গুড়া ১ চামচ, লবণ স্বাদ মতো, বেসন আধা কাপ, চালের গুড়া ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী : প্রথমে মুরগীর ছোট টুকরাগুলো ভাল করে ধুয়ে একটা বড় গামলায় নিন। এবার এতে সব গুড়া মসলা মেশান। এখন এতে চালের গুড়া ও বেসন লাগান। ভুলেও এ মিশ্রণে পানি দেবেন না। কারণ মুরগীতে থাকা পানিতেই সব মিশ্রণ ভালভাবে মেখে যাবে। এবার মসলা মাখানো মুরগীর ছোট ছোট টুকরাগুলো কড়াইয়ে তেল দিয়ে ভাজতে থাকুন। একসঙ্গে সব টুকরা দেবেন না ।অল্প অল্প করে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। মুরগীগুলো বাদামী রঙ ধারন করলে নামিয়ে ফেলুন। একটা হটপটে টিস্যু পেপারে ভাজা মুরগীর পাকোড়াগুলো রেখে দিন ইফতার পর্যন্ত। তাহলে ইফতারের সময়ও এগুলো গরম এবং মচমচে থাকবে।