
যুদ্ধবিগ্রহ কেবল জনগণের জীবন এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ধ্বংস সাধনই করে না, গভীর ক্ষত রেখে যায় অধিকৃত বিজিত দেশের সাংস্কৃতিক কৃষ্টি ও নিজস্ব ঐতিহ্যে।
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র শক্তি বাগদাদ আক্রমণ করলে সবার অলক্ষ্যে ধ্বংস হয়ে যায় ইরাকের শিল্প ঐতিহ্যের বিশাল ভাণ্ডার। সেই সময় যুদ্ধের প্রাক্কালে বাগদাদ জাতীয় জাদুঘর লুট করা হয়। হাজার বছরের সভ্যতার অসংখ্য স্মারক পাচার হয়ে যায় পশ্চিমা বিশ্বে।

প্রায় ১৫ হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুণ্ঠন করা হয়। যুদ্ধের পর মাত্র সাত হাজার সম্পদ ফেরত পায় বাগদাদ সরকার। বাকি আট হাজার অমূল্য সম্পদ ফেরত আসেনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঁচ হাজার বছর পুরনো সুমেরীয় এবং আক্কাদিয়ান সভ্যতার দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ। পরবর্তী সময়ে একইভাবে আইএসএসের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দামেস্ক এবং মসুলের ঐতিহাসিক শিল্প-স্থাপনাগুলো।
একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউক্রেনে। রাশিয়ার আক্রমণে এরই মধ্যে ধ্বংসের মুখোমুখি ইউক্রেনের গুরুত্বপূর্ণ মিউজিয়াম ও সংগ্রহশালাগুলো।
বিশেষ করে রাশিয়ান বাহিনীর আক্রমণে ধ্বংসের আশঙ্কায় আছে ২০১৪ সালে স্থাপিত রাজধানী কিয়েভে তাদের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসসমৃদ্ধ ‘মিউজিয়াম অব ফ্রিডম’ সংগ্রহশালাটি। পুতিন বাহিনী যেকোনো মূল্যে ইউক্রেনের মুক্তিসংগ্রামের স্মৃতি সমৃদ্ধ ইতিহাস মুছে দিতে চাইবে। এটা ছাড়াও দেশটিতে অসংখ্য ছোট-বড় শিল্প সংগ্রহশালা রয়েছে, যা এখন হুমকির সম্মুখীন। ফ্রিডম মিউজিয়ামের মতো আতঙ্কে রয়েছেন কিয়েভে অবস্থিত ইউক্রেন জাতীয় জাদুঘরের কর্মীরা। অতিদ্রুত তাঁরা জাদুঘরের সেরা সম্পদগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারবেন কি না জানেন না। ইউক্রেনের আরেকটি বিখ্যাত শিল্প সংগ্রহশালা রয়েছে কৃষ্ণ সাগরের দক্ষিণে। ওডেসা ফাইন আর্টস মিউজিয়াম। সেটির অস্তিত্বও এখন হুমকির মুখে।
তবে সবচেয়ে শোচনীয় পরিণতি হয়েছে অধিকৃত দনেত্স্ক শহরের আঞ্চলিক জাদুঘরের। ১৫ বার মিসাইল হানা হয়েছে জাদুঘরটিতে এবং এর ৩০ শতাংশ সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এভাবে একটি দেশের জাতিতাত্ত্বিক ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে।
ইতিহাসের এমন পুনরাবৃত্তি যুগে যুগে প্রতিটি যুদ্ধেই মানবসভ্যতা প্রত্যক্ষ করে আসছে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত গত বছরের সেপ্টেম্বর মাসেও ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ প্রস্তুতির কথা ভাবেননি। ভাবলে ফ্রান্সের সঙ্গে চুক্তি করে রাষ্ট্রীয় সংগ্রহশালা পুশকিন স্টেট মিউজিয়ামের অন্যতম সেরা পেইন্টিংগুলো প্যারিসে প্রদর্শনীর অনুমতি দিতেন না।
অন্যদিকে রাশিয়ার মিত্র চীন জানত কবে নাগাদ পুতিন সামরিক অভিযান শুরুর আদেশ দেবেন। বেইজিং শীতকালীন অলিম্পিক শেষ হলো ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি রাশিয়া স্বীকৃতি দিল ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দানেত্স্ক এবং লুহানস্ককে। এরপর ন্যাটোর সঙ্গে অধিভুক্তির অভিযোগে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সরাসরি আক্রমণ করল। পুরো প্রক্রিয়াটি চীন তথা তাদের প্রেসিডেন্ট শি চিনপিং জানতেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের শেষ সাক্ষাৎ হয়েছিল ৪ ফেব্রুয়ারি। বলা বাহুল্য, ক্ষমতায় আসার পর পুতিন এবং শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মোট ৩৭ বার। তাঁদের ঘনিষ্ঠতা প্রকাশ্য।
শুধু তা-ই নয়, চীন এবং রাশিয়া আগামী যুদ্ধ পরিস্থিতিতে কী করবে তা নিয়েও আগাম আলাপ সম্পন্ন করে রেখেছে এমন সংবাদ এখন পশ্চিমা মিডিয়া ফলাও করে প্রচার করছে।
এরই মধ্যে আন্তর্জাতিক শিল্পাঙ্গনের একটি ঘটনা রাশিয়া-ইউক্রেন রণাঙ্গনে কিছুটা ছাপ ফেলতে পারে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে শিল্পকলা জগতে স্মরণকালের অন্যতম এক চিত্রকলা প্রদর্শনী। বলা বাহুল্য, পুতিনের অনুমতিক্রমেই গত বছরের প্যারিসের ‘লুই ভুঁতো ফাউন্ডেশন’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রাশিয়ার ধনকুবের মোরোজভ ভাইদের সংগ্রহ থেকে আনা ফরাসি ইম্প্রেশনিস্ট শিল্পীদের এই প্রদর্শনীটি। ২০২২ সালের এপ্রিল মাস অবধি চলবে এটি।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাশিয়ার দুই বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মিখাইল মোরোজভ এবং ইভান মোরোজভ ফ্রান্স থেকে সেরা শিল্পীদের উল্লেখযোগ্য ২০০ শিল্পকর্ম ক্রয় করেছিলেন। দুই ভাই তখন বেছে বেছে সংগ্রহ করেন ভ্যান গঘ, পল গঁগা, রেনোয়া, সেজান, এদুয়ার মানে, ক্লদ মনে, দেগা, সিসিলি, পিসারো, পিকাসো, মাতিস প্রমুখের শিল্পকর্ম। ১৯১৭ সালে বলশেভিক আন্দোলনে ধনী-বুর্জোয়াদের পতন হলে মোজোরভদের সংগ্রহে থাকা শিল্পকর্মগুলো রাষ্ট্রের মালিকানায় চলে যায়। ছবিগুলো পরবর্তীতে ঠাঁই পায় পুশকিন মিউজিয়াম এবং পিটার্সবার্গ মিউজিয়ামে।
বর্তমানে প্যারিসে প্রদর্শিত হচ্ছে রাশিয়া বনাম ফ্রান্সের শিল্প এবং সাংস্কৃতিক চুক্তির আওতায় ‘মোজোরভ’ সংগ্রহশালার ছবিগুলো। যেখানে ভ্যান গঘ, রেনোয়া, গঁগা, সেজান প্রমুখের ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীটির বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। ক্ষেত্র বিশেষে শিল্প বিচারে ছবিগুলো অমূল্য।
এই যুদ্ধাবস্থায় ছবিগুলো আছে ফ্রান্সের মাটিতে। পুতিন যেভাবে ইউক্রেনকে নিজের দেশ দাবি করেছেন সেভাবে যদি ফরাসি প্রেসিডেন্ট প্রদর্শনীর চুক্তি অগ্রাহ্য করে ‘পুশকিন স্টেট মিউজিয়াম অব আর্ট’-এর সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি এবং তাঁর দেশের শিল্পীদের কাজ হিসেবে দাবি করেন, তবে পরিস্থিতি কেমন হবে?
পুতিনের সঙ্গে সম্পর্ক অবনতির পর যদি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ধারে আনা ভ্যান গঘের ১৮৯০ সালে আঁকা ‘প্রিজন কোর্টইয়ার্ড’ কিংবা পল গঁগার ১৮৯১ সালে তাহিতিতে আঁকা ‘ফ্লাওয়ার অব ফ্রান্স’ শিরোনামের অমূল্য ছবিগুলো ফেরত দিতে অপারগতা জানান?
এর মধ্যে ইউনেসকো রাশিয়ার কাছে আবেদন করেছে ইউক্রেনে সংরক্ষিত সাতটি ঐতিহাসিক স্থাপনা যেন আক্রমণ বা ধ্বংস করা না হয়। একইভাবে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাক কিংবা সিরিয়া হারিয়েছিল তাদের হাজার বছরের ঐতিহাসিক সম্পদ এবং স্থাপনাগুলো। ন্যাটো বাহিনী পারেনি তা রক্ষা করতে। এবারও ন্যাটো জোট ব্যর্থ হয়েছে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের সংরক্ষিত ঐতিহ্যগুলো রক্ষা করতে।
বাস্তব সত্য হলো, লুই ভুঁতো গ্যালারিকে ধার দেওয়া ভ্যান গঘ, পল গঁগা কিংবা আক্রান্ত ইউক্রেনে লভিভ মিউজিয়ামের ভ্লাদিমির জুরাভেলের মাস্টারপিসের চেয়ে পুতিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ রাজধানী কিয়েভ দখল নেওয়া।
আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে, এই বৈশ্বিক যুদ্ধে যেকোনো শিল্পকর্মের তুলনায় ভ্যাকুয়াম বোমা এখন অনেক বেশি দামি।
লেখক: তথ্যচিত্র নির্মাতা, লেখক ও চিকিৎসক
mirajulislam1971@gmail.com
সূত্রঃ ক্সলের কণ্ঠ









