সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পূজামণ্ডপে অনুদান দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইব্রাহিম খলিল। এ সময় তার সঙ্গে থাকা আরো পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহরের পশ্চিম বাজারে কেন্দ্রীয় মন্দিরের সামনে এ হামলা ঘটনা ঘটে। আজ বিকেল ৫টার দিকে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

হামলার সময় তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিভিন্ন সময়ে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। সেই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে নিজ উদ্যোগে আর্থিক অনুদান দিতে শনিবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে যান।

তিনি দাবি করেন, দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় মন্দিরে যাওয়ার সময় ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ, পৌর ছাত্রদল সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক ফাহিম ও বাজার সেক্রেটারি বাচ্চুসহ ৩০-৩৫ জন মিলে তার গাড়িতে হামলা করেন। প্রথমে তারা গাড়িতে ডিম নিক্ষেপ করে তাকে গালমন্দ করা হয়। পরে তিনি বোরহানউদ্দিন থানার ওসিকে ফোন দিলে সে ঘটনাস্থলে আসার পর ওসির সামনেই তার গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করেন হামলাকারীরা। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা ছোট ভাই ও ভাগ্নেসহ ৪-৫ জন বাঁধা দিলে তাদেরকেও মারধর করা হয়।

এ ঘটনায় ইব্রাহিম খলিল ও তার সঙ্গীরা আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বোরহানউদ্দিন পৌর বিএনপির সহসভাপতি মো. সাইদুর রহমান লিটন জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার দুপুরে তার কাছে ফোন দিয়ে জানায় পশ্চিম বাজার কি হয়েছে দেখার জন্য। পরে তিনি বাসা থেকে বের হয়ে দেখেন একটি গাড়িতে ডিম মারা অবস্থায় রয়েছে। এর পরই সেখানে পুলিশ চলে আসে।

এর বাইরে তিনি কিছুই জানেন না। এখন তাকে উল্টো এ ঘটনায় দায়ী করা হচ্ছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। তবে পুলিশের সামনে কোনো হামলার ঘটনা ঘটেনি। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।