সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে বাম বিকল্প শক্তির উত্থান ঘটাতে এবার ভোটের ময়দানে অবতীর্ণ হয় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদসহ ৯টি বাম দল মিলে এই জোট নির্বাচনে ১৫৩টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে বাসদের ডা. মনীষা চক্রবর্তী বাদে বাকি সব প্রার্থীরই জামানত খোয়া গেছে। আরও বিশদভাবে বলতে গেলে, বামপন্থিদের এই জোটের প্রার্থীদের ভোটের রাজনীতিতে নজিরবিহীন ভরাডুবি ঘটেছে। নানা ইস্যুতে প্রায় নিয়মিত পল্টন-তোপখানা-প্রেস ক্লাব এলাকা গরম রাখলেও দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ ভোটারদের মাঝে তারা নিজেদের বিষয়ে কোনো আবেদনই তৈরি করতে পারেননি।
বৃহস্পতিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম প্রধান শরিক সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন নরসিংদী-৪ আসনে মাত্র ৮১৭ ভোট পান। দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন কুমিল্লা-৫ আসনে পান মাত্র ১৮৪ ভোট। এই জোটের আরেক শরিক বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে পান ৩ হাজার ৯ ভোট। অথচ নাজমুল হক প্রধান এর আগে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ভোটে অংশ নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দুই দলের এই তিন শীর্ষ নেতার কেউই জামানত রক্ষা করতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন মাত্র একজন। ফ্রন্টের শরিক দল বাসদের কেন্দ্রীয় নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বরিশাল সদর আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় হন। একমাত্র তিনিই জামানত রক্ষা করতে পেরেছেন।
নির্বাচনি ফলাফলে দেখা গেছে, বিভিন্ন আসনে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল। ভোটের মাঠে সংগঠন, প্রচার-প্রচারণা এবং নির্বাচনি কৌশলের দিক থেকে বড় দলগুলো ছিল অনেক বেশি সক্রিয় ও সুসংগঠিত। এর বিপরীতে সাংগঠনিক এবং আর্থিক দুরবস্থার কারণে বাম দলগুলোর প্রার্থীরা মাঠপর্যায়ে ন্যূনতম কোনো অবস্থান গড়ে তুলতে পারেননি। ফলে ভোটের দিন তাদের পক্ষে প্রত্যাশিত সাড়া মেলেনি।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট না পেলে তার জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। জোটের নেতাদের মতে, উগ্র ধর্মীয় শক্তি মোকাবিলা করতে গিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভোটার এবং সমর্থকরা বিএনপির দিকে ঝুঁকেছেন। ফলে বিএনপি লাভবান হয়েছে, ক্ষতি হয়েছে বামপন্থিদের। এক্ষেত্রে কেবল ডা. মনীষা চক্রবর্তী ব্যতিক্রম ছিলেন। তিনি প্রয়োজনীয় ন্যূনতম ভোট অর্জন করতে সক্ষম হয়েছেন তার ব্যক্তিগত পরিচিতি, পেশাগত সুনাম এবং স্থানীয়ভাবে সাধারণ মানুষের সঙ্গে সক্রিয় যোগাযোগের কারণে।
ভোটের মাঠে বামপন্থিদের কেন এই নজিরবিহীন ভরাডুবি-এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাসদের অন্যতম শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন যুগান্তরকে বলেন, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কৌশলগত অবস্থান দেশের স্বার্থে কার্যকর মনে হলেও দলীয়ভাবে তা আত্মঘাতী হয়েছে। উগ্র ধর্মীয় শক্তিকে ঠেকাতে গিয়ে অনেক জায়গায় নিকটবর্তী থাকা প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়। বাস্তবে অধিকাংশ আসনে বিএনপিই ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে যুক্তফ্রন্টের অনেক সমর্থক কৌশলগতভাবে বিএনপির প্রার্থীদের দিকে ঝুঁকেছেন। এতে বিএনপির ভোট বেড়েছে, কিন্তু জোটের প্রার্থীরা আশানুরূপ ভোট পাননি। তিনি আরও বলেন, দেশ হয়তো একটি অবস্থা থেকে আপাতত মুক্তি পেল, কিন্তু আমরা যারা আদর্শভিত্তিক রাজনীতি করি, তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে গেল।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে আরও রয়েছে-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি এবং সোনার বাংলা পার্টি। এর মধ্যে সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী) এই চারটি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন রয়েছে। জোটের ১৫৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন, এর মধ্যে সিপিবিরই প্রার্থী ছিলেন ৬৫ জন। জোটসংশ্লিষ্টরা জানান, একজন বাদে তাদের কোনো প্রার্থীরই জামানত রক্ষা হয়নি। এমনকি একজন বাদে জোটের আর কোনো প্রার্থী পাঁচ হাজারের ওপরে ভোট পাননি। এ অবস্থায় এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে ইতোমধ্যে জোটের ভেতরে আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে কৌশলগত ভোটের পরিবর্তে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন জোটের শরিক দলগুলো।
এছাড়া বিএনপি সমর্থিত বাম নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি-এই তিনজনের মধ্যে কেবল ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি জয়ী হন। ঢাকা-১২ আসনে সাইফুল হক জমানত রক্ষা করতে পারলেও জামানত রক্ষা করতে পারেননি মাহমুদুর রহমান মান্নাও। এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে চৌদ্দদলীয় জোটে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর), গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগসহ ১১টি বাম দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করেনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছোট দল ও জোটগুলোর জন্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকা কঠিন হয়ে উঠছে। ভোটারদের বড় অংশ রাজনৈতিক, আদর্শিক এবং কৌশলগতভাবে এমন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন যাদের জয়ের সম্ভাবনা বেশি। এতে করে ছোট দলগুলোর ভোট উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। সাংগঠনিক দুর্বলতা, প্রার্থীর পরিচিতি ও জনভিত্তি না থাকা, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রচারের ঘাটতিও এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছেন তারা। বামপন্থিদের এই ফলাফল ভবিষ্যৎ রাজনীতিতে তাদের কৌশল পুনর্বিবেচনার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা, জনসম্পৃক্ততা ও জনসংযোগ বাড়ানো এবং রাজনীতির পাশাপাশি সামাজিক ইস্যুভিত্তিক সক্রিয় ভূমিকা রাখার মতো কাজটি তারা করেননি বলেই এমন ফল এসেছে। এ অবস্থা থেকে উত্তরণে দরকার মানুষের মনোভাবের জায়গা বুঝে বাস্তবসম্মত কাজ করা। জনগণের কাছে ইতিবাচক ইমেজ তৈরি করা এবং মানুষের প্রত্যাশার জায়গাটা স্পর্শ করা।
সূত্র: যুগান্তর










