সদ্য প্রকাশিত
বিচিত্র

ভারতের রাস্তাতেই প্রসব করল ১৭ বছরের মা!

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ভারতের রাস্তাতেই প্রসব করল ১৭ বছরের মা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সেলিব্রিটি ভণ্ড সাধুর নারীলোলুপতা নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখন নীরবে নিভৃতে আর এক ভয়াবহ অনাচারের সাক্ষী থাকলেন ঝাড়খণ্ডের চান্ডিল অঞ্চলের বাসিন্দারা। একটি ১৭ বছরের মেয়ে রাস্তাতই জন্ম দিল এক শিশুর।

বলতেই পারেন, এমন তো কতই ঘটে! ফুটপাথবাসীদের জগতে এ ধরনের ঘটনা তো হামেসাই ঘটে চলেছে। কিন্তু এখানে ঘটনা অন্য। এ কোনও তথাকথিত ফুটপাথবাসীর গল্প নয়। সরাইকেলা-খারসাওয়ান অঞ্চলের এই মেয়েটি তার প্রেমিকের সঙ্গে গ্রাম থেকে চলে আসে। একত্রবাসের ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে, সেই প্রেমিক চম্পট দেয়। মেয়েটি বাড়ি ফিরতে চাইলে তার বাড়ির লোকও লোকলজ্জার কারণে মুখ ঘুরিয়ে নেয়। ফলে মেয়েটির ঠাঁই হয় রাস্তায়। চার মাস পূর্ণগর্ভা অবস্থায় রাস্তাতেই বাস করে মেয়েটি।

 

২১ অগস্ট সন্ধেয় মেয়েটির প্রসব যন্ত্রণা শুরু হয়। সে স্থানীয় হেলথ সেন্টারের কাছে সাহায্য চাইলে সেখানকার কর্মীরা তাতে রাজি হননি বলে অভিযোগ। তাঁরা জানান, যেহেতু তার সঙ্গে কোনও অভিভাবক নেই, সেহেতু তাঁরা তাকে ভর্তি করতে পারবেন না। পরের দিন সকালে রাস্তাতেই মেয়েটি একটি শিশুকন্যার জন্ম দেয়। সেই সময়ে রাস্তা দিয়ে ওমপ্রকাশ শর্মা নামের এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি মেয়েটিকে শিশু-সহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শিশুটির জন্মনাড়ী তখনও তার মায়ের শরীরে।

এমন সময়ে হাসপাতাল থেকে লখীন্দ্র হাঁসদা নামের এক চিকিৎসক সেখানে এসে নাড়ি কেটে শিশুটিকে বিচ্ছিন্ন করেন। ওমপ্রকাশের উদ্যোগে একটি অটোরিকশ জোগাড় করা সম্ভব হয়। শিশু ও মাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সূত্র: এবেলা