সিল্কসিটিনিউজ ডেস্ক:
শঙ্কাটা আগে থেকেই ছিল। এবার সেটাই সত্যি হলো।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন রাচিন রবীন্দ্র। ঘরের মাঠের পাঁচ ম্যাচের সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কারণ কাঁধের চোট।
গত সপ্তাহে বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান রাচিন। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, বাঁহাতি অলরাউন্ডারের কাঁধ সরে গেছে।

৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৬ বছর বয়সী ব্যাটারকে। সমান ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা নিউজিল্যান্ডের।
রাচিনকে ছাড়াই তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করতে বাধ্য হয়েছে কিউইরা। এক বছরের বেশি সময় পর এই সিরিজ দিয়ে ফিরবেন পেসার অ্যাডাম মিলনে।
তিনি সঙ্গ দেবেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসনদের। ব্যাটিংয়ে পরিচিত মুখরাই আছেন। দলকে নেতৃত্ব দেবেন যথারীতি মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ড সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। সমান ৫টি করে টি-টোয়েন্টি-ওয়ানডের পর ২ টেস্টের সিরিজও খেলবে দুই দল।
আগামী ২২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ শুরু হবে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফুলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ।









