সিল্কসিটিনিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে হট ফেভারিট ভারত। গ্রুপপর্বে দাপুটে ক্রিকেট খেলা ভারত; সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায়। প্রোটিয়াদের বিপক্ষে ১৮৮ রানের টার্গেট তাড়ায় ভারত ৭৬ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় অনেকেই মনে করছেন ভারত সেমিফাইনালেরে আগেই বিদায় নেবে। তবে এই ধারণাকে স্রেফ বোকামি বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তিনি বলেন, ‘আসরের ফেভারিটদের তাদেরই আঙিনায় হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার, অসাধারণ এক জয়। এখন চাপটা ভারতের ওপর এসেছে, যা (কীভাবে চাপ সামলায়) দেখা হবে দারুণ। আমার চোখে এখনও তারা সেরা দল; যে কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে চেনে, সেই বিবেচনায়ও বিশ্বের সেরা দল তারা। তাই আমি এখনও তাদেরকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে।’

অস্ট্রেলিয়ান কিংবদন্তি আরও বলেন, ‘আপনি অবশ্যই আশা করবেন জিম্বাবুয়েকে তারা হারাবে। জিম্বাবুয়েকে অসম্মান করছি না, তারা সুপার এইটে জায়গা পাওয়ার যোগ্য, তবে আমার মনে হয় ভারত সহজেই তাদেরকে হারাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে সবচেয়ে দারুণ। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে তাদের সেরা ক্রিকেট খেলছে। তারা আত্মবিশ্বাসে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তাদের দলটি দারুণ এবং তারা নিজেদের ওপর আস্থা রাখে। আমার মনে হয়, সেই ম্যাচটি নির্ধারণ করে দিতে পারে ওই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা পরের ধাপে যাবে।’
অস্ট্রেলিয়ার সফল সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘ভারত যদি পরের ধাপে যেতে না পারে…ভারতীয় ক্রিকেটের সমর্থক হলে আপনি অবশ্যই রাগে ফুঁসবেন এবং অবাক হবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত; এই মুহূর্তে বিশ্বের সেরা দল এবং চেনা কন্ডিশনে খেলছে। ভারত যদি সেমি-ফাইনালে উঠতে না পারে, এটা হবে বিশাল ধাক্কা। আমি ভারতকে বাতিলের খাতায় ফেলব না, শুধু সেমি-ফাইনালেই নয় তারা ফাইনালেও খেলবে, এটা না ভাবাই হবে বোকামি।’
সূত্র: যুগান্তর










