সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার রাত ৯টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলের ৩৫ জন ভাইস চেয়ারম্যানের মধ্য ২০ জন উপস্থিত রয়েছেন।
নতুন নির্বাচন কমিশন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দল এবং জোটের করণীয় ঠিক করতে এরই মধ্যে দলের স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন। এরই ধারাবাহিকতায় দলের ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করছেন খালেদা জিয়া।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। তবে বৈঠকের বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
সূত্র: এনটিভি










