নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের বড়াইগ্রামে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনার মামলার প্রধান আসামী ইউপি সদস্য বাচ্চু প্রামানিককে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা।
সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলার ৫২টি স্কুলের শিক্ষকরা।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী বাচ্চু প্রামানিক কে গ্রেফতার করা না হলে সকল স্কুল বন্ধ ঘোষনা করে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহারিয়ার খান সহ উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজ বাড়ি থেকে স্কুলের যাওয়ার পথে বাচ্চু মেম্বার ও তার লোকজন মিজানুর রহমানকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। বর্তমানে প্রধান শিক্ষক ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স/শ










