সদ্য প্রকাশিত
মতামত

ব্যক্তি খাতে ব্যাংকঋণের মন্থরগতি অশনিসংকেত

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২০৯ মিনিট পড়া
ব্যক্তি খাতে ব্যাংকঋণের মন্থরগতি অশনিসংকেত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত অর্থবছরে (২০১৮-১৯) দেশের অর্থনীতির অধিকাংশ সূচকই ছিল ইতিবাচক ও ঊর্ধ্বমুখী। বিশেষ করে রফতানি আয়, রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছিল। বর্ণিত সময়ে পণ্য ও সেবা রফতানি আয় হয়েছিল ৪ হাজার ২০০ কোটি ডলার।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিটেন্স প্রেরণ করেছিল। এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে অর্থনীতির এমন অন্যান্য সূচকও ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। যে কারণে প্রথমবারের মতো জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড- ৮ দশমিক ১৫ শতাংশ অর্জিত হয়।

যদিও উন্নয়ন সংস্থাগুলোর জিডিপি প্রক্ষেপণ ছিল প্রায় ১ শতাংশ কম। অর্থাৎ যে কোনো বিচারেই গত অর্থবছর বাংলাদেশের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু সেই সুখস্মৃতি বেশি দিন স্থায়ী হয়নি। চলতি অর্থবছরের শুরু থেকেই জিডিপির প্রভাবক সূচককগুলো কিছুটা হলেও মন্থর হয়ে পড়ে। বিশেষ করে, সরাসরি বিদেশি বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা লক্ষ করা যায়।

২০১৮ সালে বাংলাদেশ রেকর্ড পরিমাণ- ৩৬১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আহরণ করেছিল। কিন্তু আঙ্কটাডের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশ আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম অর্থাৎ ৩৪০ কোটি ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ আহরণ করেছে। উল্লেখ্য, আঙ্কটাড যে বিনিয়োগ রিপোর্ট প্রকাশ করে, তা ক্যাশ ট্রান্সফারের ভিত্তিতে প্রণীত। কাজেই তাকে প্রকৃত বিনিয়োগ বলা যেতে পারে।

‘ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটর’ শীর্ষক আঙ্কটাডের বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী সরাসরি বিদেশি বিনিয়োগ আহরিত হয়েছে ১ লাখ ৩৯ হাজার কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম। উন্নত দেশগুলোতে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে। অন্যদিকে উদীয়মান অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে। তবে সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে দক্ষিণ এশীয় দেশগুলোতে মোট ৬ হাজার কোটি মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আহরিত হয়েছে। এটি আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।

বিদেশি বিনিয়োগ আহরণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতো শীর্ষস্থানে ছিল। ২০১৯ সালে তাদের আহরিত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৫ হাজার ১০০ কোটি ডলার। যদিও এটি আগের বছরের চেয়ে ১ শতাংশ কম। ২০১৮ সালে দেশটি ২৫ হাজার ৪০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আহরণ করেছিল। ১৪ হাজার কোটি ডলার বিদেশি বিনিয়োগ নিয়ে চীন দ্বিতীয় স্থানে ছিল। তাদের বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়েছে। তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর বিদেশি বিনিয়োগ আহরণের ক্ষেত্রে চমৎকার সাফল্য প্রদর্শন করেছে।

তাদের বিনিয়োগ আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৮০০ কোটি ডলার থেকে ১১ হাজার ডলারে উন্নীত হয়েছে। দক্ষিণ এশীয় অন্যান্য দেশের মধ্যে ভারতের বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ২০০ কোটি ডলার থেকে ৪ হাজার ৯০০ ডলারে উন্নীত হয়েছে। হংকংয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৮ শতাংশ কমে ১০ হাজার ৪০০ কোটি ডলার থেকে ৫ হাজার ৫০০ কোটি ডলারে নেমে এসেছে। বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে পাকিস্তানে আহরিত বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরে তুলনায় ২০ শতাংশ কমে ১৯০ কোটি ডলারে নেমে এসেছে।

এ বছর শুধু যে বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় কমেছে তাই নয়, অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে ভাটা লক্ষ করা যাচ্ছে। স্থানীয় বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে না। স্থানীয় বিনিয়োগ এখনও জিডিপির ২২-২৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে। অনেকেই বলে থাকেন, ব্যক্তি খাতে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ছে না। এটি মোটেও সঠিক ধারণা নয়। কারণ দেশের অর্থনীতি থেমে নেই। প্রতি বছরই অর্থনীতির আকার বাড়ছে। বিনিয়োগও বাড়ছে, তবে ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি যে হারে প্রত্যাশিত ছিল, তা হয়নি।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির ২৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; কিন্তু আমরা এখনও ২৩ শতাংশ অতিক্রম করতে পারিনি। চলতি অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের হার তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে না। ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ বা পরিমাপের একটি সহজ পন্থা হচ্ছে ব্যাংকঋণের প্রবৃদ্ধি। আমাদের দেশের বিনিয়োগকারীদের চাহিদাকৃত পুঁজির জোগান নিশ্চিত করার জন্য ব্যাংকের ওপরই মূলত নির্ভর করতে হয়। কারণ শিল্প খাতে দীর্ঘমেয়াদি পুঁজি আহরণের একটি সহজ উপায় হচ্ছে দেশের স্টক মার্কেট। কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত পুঁজির চাহিদা পূরণ করতে পারছে না।

ফলে তাদের শিল্পে বিনিয়োগযোগ্য পুঁজির জন্য মূলত দেশের ব্যাংকগুলোর ওপরই নির্ভর করতে হয়। কিন্তু ব্যাংকিং সিস্টেম ভালোভাবে চলছে না। ফলে চাইলেই একজন উদ্যোক্তা ব্যাংকিং ব্যবস্থা থেকে তার প্রয়োজনীয় পুঁজির জোগান নিশ্চিত করতে পারছেন না। ব্যাংকগুলো খেলাপি ঋণভারে জর্জরিত। এছাড়াও অভ্যন্তরীণ সুশাসনের অভাবে ব্যাংকগুলো সঠিকভাবে পারফর্ম করতে পারছে না।

সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, ব্যক্তি খাতে ব্যাংকঋণের প্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। তার অর্থ হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে মন্দাবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, দারিদ্র্যবিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ইস্যুটি পায় সর্বাংশেই নির্ভর করে ব্যক্তি খাতে বিনিয়োগের ওপর। কারণ ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র এবং সুযোগ সৃষ্টি হয়। আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার অর্থই হচ্ছে দারিদ্র্যবিমোচনে সহায়ক শক্তির অবদান বৃদ্ধি পাওয়া। অর্থনীতিবিদদের মতে, সরকারি এবং ব্যক্তি খাতে বিনিয়োগ যদি একইসঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটি হচ্ছে একটি দেশের অর্থনীতির জন্য সবচেয়ে ভালো লক্ষণ।

এমনকি সরকারি খাতে বিনিয়োগ কিছুটা কম হয়েও যদি ব্যক্তি খাতে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ হয়, সেটিও গ্রহণযোগ্য। কিন্তু সরকারি খাতে বিনিয়োগের উচ্চগতির পাশাপাশি ব্যক্তি খাতে বিনিয়োগের নিম্নগতি যে কোনো বিচারেই একটি দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক। কারণ সরকারি খাতের যে উন্নয়ন তা রিয়েল প্রোডাক্টিভ সেক্টরে তেমন কোনো অবদান রাখে না।

সরকারি উন্নয়ন ব্যক্তি খাতের উন্নয়নের সুযোগ সৃষ্টি করে মাত্র। ব্যক্তি খাত সরকারি উন্নয়নকে কাজে লাগিয়ে উৎপাদনশীল খাতে অবদান রাখে। একটি উদাহরণ দেয়া যেতে পারে। বহুল আলোচিত এবং বাংলাদেশের মর্যাদার প্রতীক পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ থেকে দেড় শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ব্যাপকভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ পদ্মা সেতু কিন্তু সরাসরি কর্মসংস্থান বা উৎপাদনশীল খাতে অবদান রাখতে পারবে না। পদ্মা সেতু প্রকল্পে খুব বেশি হলে এক হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থান হতে পারে; কিন্তু পদ্মা সেতুকে ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাজার হাজার শিল্প-কারখানা গড়ে উঠতে পারে। সেসব প্রকল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। অর্থাৎ পদ্মা সেতু নিজে অর্থনীতিতে তেমন একটা অবদান রাখবে না।

কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে পরোক্ষভাবে পদ্মা সেতু অবদান রাখবে। অর্থনৈতিক উন্নয়ন বা কর্মসংস্থান যাই বলি তার সঙ্গে বিনিয়োগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে; কিন্তু সমস্যা দেখা দিয়েছে এখানেই। ব্যক্তি খাতে বিনিয়োগের মন্থরতার পাশাপাশি সরকারি খাতে বিনিয়োগ অস্বাভাবিক গতিতে বাড়ছে। ব্যক্তি খাতে ব্যাংকঋণের পরিমাণ গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত ডিসেম্বর মাসে ব্যক্তি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে বিনিয়োগ অনুকূল পরিবেশের অভাবের কারণে বড় এবং সফল উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন না। আর যারা নতুন ঋণ গ্রহণের জন্য আসছেন তারা নানা কারণেই ঋণ পাওয়ার মতো যোগ্যতা প্রদর্শন করতে পারছেন না। ফলে ব্যক্তি খাতে ব্যাংক ঋণের প্রবাহে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে ঋণ ও আমানত প্রবাহে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা দৃষ্ট হচ্ছে। ২০১৭ সালের ব্যক্তি খাতে ব্যাংকঋণ প্রবাহের গতি ছিল কিছুটা হলেও মন্থর।

সেই অবস্থায় ব্যাংকিং সেক্টরে উদ্বৃত্ত তারল্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু পরের বছর অর্থাৎ ২০১৮ সালে বেশিরভাগ ব্যাংকেই তারল্য সংকট দেখা দেয়। সেই তারল্য সংকট এখনও বিদ্যমান রয়েছে। উপরন্তু ব্যাংকিং সেক্টর থেকে সরকার অস্বাভাবিক বেশি পরিমাণ ঋণ গ্রহণের ফলে ব্যাংকগুলো আরও সংকটে নিমজ্জিত হওয়ার শঙ্কা

জোরদার হচ্ছে।

গত ১০ বছরের মধ্যে এ বছর সরকার ব্যাংকিং সেক্টর থেকে সবচেয়ে বেশি পরিমাণ ঋণ গ্রহণ করেছে। সরকারের এ বর্ধিত মাত্রায় ব্যাংকঋণ গ্রহণ করার ফলে ব্যক্তি খাতে ব্যাংকঋণের পরিমাণ অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। চলতি অর্থবছরে (২০১৯-২০) দেশের ব্যাংকিং সেক্টর থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। কিন্তু ২১ জানুয়ারি পর্যন্ত ৬ মাস ২১ দিনে সরকার ব্যাংকিং সেক্টরে থেকে ৪৯ হাজার ১০৯ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। অর্থাৎ অর্থবছরের ৭ মাসেরও কম সময়ে সরকার পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ ঋণ গ্রহণ করে ফেলেছে। ব্যাংকিং সেক্টর থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের কারণে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

প্রতিবারই দেখা যায়, নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও গতি ফিরে আসে। কিন্তু এবার তা হয়নি বরং উল্টো চিত্রই আমরা প্রত্যক্ষ করছি। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দু’মাসে শিল্পে ব্যবহার্য কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলা হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ এবং এলসি নিষ্পত্তি কমেছে ৬ দশমিক ৫২ শতাংশ। সরকারি খাতে বিনিয়োগের হার হচ্ছে মোট জিডিপির ৮ দশমিক ১৭ শতাংশ, যা ২০০৯-১০ অর্থবছরে ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ। আর ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ ২১ দশমিক ৫৬ শতাংশ থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে ২৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের বেশির ভাগ আয়ের উৎস থেকে অর্জিত আয়ের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তার অনিবার্য প্রভাব পড়ছে ব্যাংক ঋণের ওপর। সঞ্চয়পত্র ছিল সরকারের আয়ের একটি বড় উৎস। সেখানে ব্যাপক ধস নেমেছে।

আগামী এপ্রিল মাস থেকে ব্যাংকঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট এবং আমানতের ওপর প্রদেয় সুদের হার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে সাড়ে ৫ শতাংশ এবং ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের বেলায় ৬ শতাংশে নামিয়ে আনার কথা রয়েছে। ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের মালিকরা ইতিমধ্যেই আমানতের ওপর সুদের হার ৬ শতাংশ নির্ধারণ করেছেন। এতে ব্যাংকিং সেক্টরে আমানত সংকট দেখা দিতে পারে।

উপরন্তু জাতীয় সংসদে ‘স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত তহবিল রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান বিল-২০২০ অনুমোদিত হয়েছে।

এর ফলে এসব প্রতিষ্ঠানের প্রয়োজন অতিরিক্ত উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। ফলে এসব প্রতিষ্ঠান চাইলেও ব্যক্তি মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে আমানত সংরক্ষণ করতে পারবে না। ফলে আগামীতে ব্যাংকিং সেক্টরের তারল্য সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ আগামীতে আরও কমে যেতে পারে।

এমএ খালেক : অবসরপ্রাপ্ত ব্যাংকার ও অর্থনীতিবিষয়ক কলাম লেখক