সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : আমাদের একটি বিজনেস গ্রুপ আছে, যেখানে আমরা টাকা সঞ্চয় করে থাকি। ওই টাকা দিয়ে আমরা বিভিন্ন পণ্য কিনে কিস্তিতে বিক্রয়ের মাধ্যমে যা লাভ হয় তা সবার মধ্যে বণ্টন করে দিই। অনেক সময় দেখা যায়, কোনো সদস্যের টাকার প্রয়োজন কিংবা ডলার বা রিয়ালের প্রয়োজন হলে আমরা এক হাজার ডলারকে (যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ২৫ হাজার টাকা) এক লাখ ৫০ হাজার টাকা মূল্য ধরে বাকিতে বিক্রি করি, যা তিনি ১২ কিস্তিতে আদায় করবেন। আমার প্রশ্ন হলো, ডলার বা রিয়াল এভাবে বাকিতে বিক্রি করা জায়েজ আছে কি? যদি না হয়, তাহলে আমরা অতীতে লেনদেন করে যে মুনাফা অর্জন করেছি, তা মালিকের কাছে পৌঁছে দেব, নাকি গরিব মানুষের মধ্যে বণ্টন করে দেব? দয়া করে জানাবেন।
—শাহাদাত হোসেন, সাভার, ঢাকা

উত্তর : বাকিতে কিস্তি হিসেবে ডলার বা রিয়াল বিক্রি করা এই শর্তে জায়েজ হবে যে ক্রেতাকে বিক্রির সময় ডলার হস্তান্তর করতে হবে এবং লক্ষ রাখতে হবে সেটা যেন বাজারমূল্যের চেয়ে অধিক না হয় এবং বাই-ইনার (যেখানে একজন ব্যক্তি কোনো পণ্য বিক্রি করে, এবং পরে সেই একই পণ্য ক্রেতার কাছ থেকে কম দামে বা বাকিতে আবার কিনে নেয়, যা মূলত অর্থের প্রয়োজন মেটানোর একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়) পদ্ধতি অবলম্বন করা না হয়। সুতরাং প্রশ্নোক্ত পদ্ধতিতে ডলার বা রিয়াল বাকিতে বিক্রি করা জায়েজ হয়নি। অতএব, এর মুনাফার অংশ প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও তার মালিক বা মালিকের ওয়ারিশদের সন্ধান না পাওয়া গেলে দায়মুক্তির জন্য মালিকের পক্ষ থেকে গরিবদের সদকা করে দেবে।
(আল মাবসুত : ১৪/২৪, ফিকহুল বুয়ু : ২/৭৩৮, রাদ্দুল মুহতার : ৬/৩৮৫, আহসানুল ফাতাওয়া : ৭/৭৭)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









