সদ্য প্রকাশিত
বিচিত্র

বিয়ের প্রস্তাব দিতে গাজরের ব্যবহার!

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৯৩ মিনিট পড়া
বিয়ের প্রস্তাব দিতে গাজরের ব্যবহার!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মনের মানুষটিকে বিয়ের প্রস্তাব দিতে অনেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে থাকেন।

‘আমাকে বিয়ে করবে?’ এ বাক্যটি বললে জবাব যেন হ্যাঁ-ই হয়, সে কথা মাথায় রেখেই রোমান্টিক পরিবেশ তৈরি করে নেন অনেকে।

এর জন্য লাখ লাখ টাকাও খরচ করেন কেউ কেউ। আবহ সংগীত বাজানো হয়, ফুল ও বেলুনে শোভিত করা হয় চারদিক।

তবে যুগের এই ট্রেন্ড দিন দিন বিচিত্র হচ্ছে। এবার সেই ট্রেন্ডে যুক্ত হলো নতুন আরেক বিচিত্রতা। বিয়ের প্রস্তাব দিতে কেনা আংটিতে গাজর চাষ করলেন এক ব্যক্তি।

সে জন্য ফসলি জমিতে আংটিটি কয়েক মাস বীজ বোনার মতো বপন করে রাখতে হয়েছিল তাকে।

অবাস্তব মনে হলেও এমনই কাণ্ড করে দেখিয়েছেন কানাডার জন নেভিল। প্রায় ছয় বছর ধরে ড্যানিয়েল নামে নারীর সঙ্গে সংসার করে আসছিলেন নেভিল। এই ছয় বছরে এ যুগলের ঘর আলোকিত করেছে দুটি সন্তান।

কিন্তু সামাজিকভাবে ঘটা করে ড্যানিয়েলকে বিয়ে করা হয়নি নেভিলের। ব্যস্ত জীবনে কখনও আংটি উপহার দিয়ে ‘আমাকে বিয়ে করবে?’ কথাটিও বলা হয়নি নেভিলের।

তবে বিষয়টি ভোলেননি নেভিল। বছর চারেক আগে ড্যানিয়েল যখন প্রথম গর্ভবতী হন, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে একটি হীরার আংটি কেনেন নেভিল।

তিনি চেয়েছিলেন, অভিনব কোনো উপায়ে প্রেমিকা ও বান্ধবী ড্যানিয়েলকে এ হীরার আংটি উপহার দেবেন।

মুরগি, শুকর এবং অন্যান্য পশুপালনসহ বিভিন্ন শাকসবজির চাষ করতেন নেভিল। কৃষিকাজ তার ভালোই জানা। তার মাথায় খেয়াল চাপলো, যা করে সংসার চলে প্রপোজটা তার সঙ্গে যুক্ত থাকা চাই।

যেই ভাবনা সেই কাজ। প্রথমে মাটি দিয়ে একটি পাঁচ গ্যালনের প্লাস্টিকের বালতি ভরে ফেলেন নেভিল। বালতির কেন্দ্রে হীরার আংটিটি রাখেন এবং মাটিচাপা দিয়ে দেন।

এর পর আংটির মাঝখানে মাটিতে সরু গর্ত তৈরি করার জন্য একটি পেন্সিল ব্যবহার করেন। সেখানে গাজরের কয়েকটি বীজ বপন করেন।

আংটির ওই ফাঁকটুকু দিয়েই গাজর বাড়বে বলে বিশ্বাস ছিল নেভিলের।

৯০ দিন অপেক্ষার পর ঠিক তাই হলো। অবশেষে গাজর উঁকি মারল আংটি দিয়ে।

নেভিল বলেন, ‘কাজের মধ্যে সবসময়ই মনে থাকত যে, আর সবার মতো প্রপোজ করে বিয়ে করা হয়নি ড্যানিয়েলকে। তবে আমাদের আসলে তাড়া ছিল না । কিন্তু বড় সন্তান এরিক আমাদের মাঝে চলে এলে বিষয়টি খুব অনুভব করি। তখনই এই খেয়াল চাপে মাথায়। ভাবী, দেরি যখন করেই ফেলেছি তবে অভিনব উপায়ে কিছু একটা করব।’

নেভিল বলেন, ‘আমি চেয়েছিলাম ঠিক প্রেম নয়, প্রেমের ফসল ফলাব। তাই হীরার আংটিতে গাজর ফলিয়েছি।’

গাজরের সেই আংটিটি নিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে পড়েন নেভিল। ড্যানিয়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?’

নেভিলের দিকে তাকিয়ে খানিক অবাকই হয়ে যান ড্যানিয়েল! হ্যাঁ বলতে গিয়ে কেঁদেই ফেলেন।

নেভিলের এমন বিয়ের প্রস্তাব কানাডার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। একে বড় আজব প্রস্তাব বলে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, ভালোবাসার ফসল গাজরে ফলে!