জাতীয়

বিশ্ব পর্যটন দিবস বিনা মূল্যে ঘুরতে পারবেন বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য এক দিনের বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার তত্ত্বাবধানে পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে এদিন দর্শনার্থীদের কাছ থেকে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না।

 

প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। পর্যটনের গুরুত্ব তুলে ধরা, স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান এবং পর্যটনের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি পালন করা হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে এর সুফল স্থানীয় হোটেল-রিসোর্ট, পরিবহন, খাবারের দোকানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন খাতে পড়বে বলেও মনে করছেন বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।