নিজস্ব প্রতিবেদক, রাবি:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পা প্রমুখ।
ক্যাম্পেইন চলাকালে অতিথিরা বলেন, অটিজম একটি নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার। এ রোগের কারণে শিশুর সামাজিক আচরণ পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারে না। অটিজম রোগে আক্রান্ত ব্যক্তিরা দেশের বোঝা নয়। তারাও দেশের উন্নয়নে কাজ করতে পারে। ওয়ার্ল্ড লিংকআপ এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এজন্য অতিথিরা সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সংগঠনটির হেলথ্ টিমের কো-অর্ডিনেটর আবদুর রাফি বলেন, অটিস্টিক শিশুরা কোন অভিশাপ নয়, তারা অনন্য এবং সম্পূর্ণ বুদ্ধিমান। ক্যাম্পেইনে অটিজম বিষয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী তাদের মতামত প্রকাশ করেন। টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মসূচির আয়োজন করে আসছে ওয়ার্ল্ড লিংকআপ।

স/শা









