সিল্কসিটিনিউজ ডেস্ক:
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছে কলকাতা। প্রস্তুত হচ্ছে কলকাতা পৌরসভা। আগামীকাল মঙ্গলবার দিল্লি থেকে কলকাতা আসছেন অভিজিৎ। তবে এই যাত্রায় মাত্র একদিন কলকাতা থাকবেন তিনি।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পৌর ভবনে গত কয়েক দিন বৈঠক করেন পদস্থ কর্মকর্তারা। শহরজুড়ে নোবেলজয়ীকে সম্মান জানানোর কাজ শুরু হয়েছে। নানান জায়গায় লাগবে বড় বড় ব্যানার এবং লেখা থাকবে নোবেলজয়ীকে সম্মানসূচক অনেক বার্তা।

সূত্রের খবর, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিশেষ ফলক বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে নোবেল পদকজয়ীর বাসস্থান। এ ছাড়া পৌরসভার কোনো আবাসন নাম করার ভাবনাও করেছে পৌর প্রশাসনের। তাছাড়া পৌরসভার মুখপাত্র পুরশ্রীতে নোবেল জয়ীকে নিয়ে বিশেষ সংখ্যা করার পরিকল্পনা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সময় শহরের বাইরে শিলিগুড়ি থাকবেন কিন্তু রাজ্যের পক্ষ থেকে অভিজিৎকে সম্মান জানানোর সবরকম পপরিকল্পনা তৈরি।
একটি সূত্র জানিয়েছেন, পরে অভিজিতের সাথে আলাপ করে সময় নির্ধারণ করে ওনাকে দেওয়া হবে এক নাগরিক সম্বর্ধনা। অভিজিৎকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য রাজ্যের সরকার প্রস্তুতি নিচ্ছে।
অভিজিতের মা নির্মল দেবী ও অপেক্ষায় আছেন ছেলের ঘরে ফেরার। রান্না করবেন ছেলের পছন্দমতো মাছের পদ। এদিক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাংসদ ও তাদের সর্বোচ্চ সম্মাননা ‘অতুল গুপ্ত বিশিষ্ট প্রাক্তনী সম্মান’ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০ জানুয়ারি প্রেসিডেন্সি প্রতিষ্ঠা দিবস। সেদিন সাধারণত কোনো প্রাক্তনীকে এই স্বীকৃতি দেওয়া হয়। প্রাক্তন সংসদ সম্পাদক বিভাস চৌধুরী জানালেন, বিশে জানুয়ারি অভিজিৎ বাবু আসতে পারবেন না তাই আগেই তার সময় মতো এক আড্ডার আয়োজন করা হবে।
অভিজিত বাবুর সময়ের শিক্ষক-ছাত্র সেকশন ইনচার্জ দিলীপ রায়, ক্যান্টিন কর্মী সকলকেই আড্ডায় ডাকা হবে সেখানে তাকে ওই সম্মাননা জ্ঞাপন করা হবে। বিশে জানুয়ারি এই আড্ডার সময় সম্ভব হলে স্কাইপে অভিজিৎ বাবুর সাথে যোগাযোগ করা হতে পারে।










