নিজস্ব প্রতিবেদক:
বিলুপ্ত হওয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের সম্পদ ও সমিতি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর হলেও কর্মকর্তা-কর্মচারিদের স্থায়ী নিয়োগ দেয়ার কোন ব্যবস্থা এখনো করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিলুপ্ত প্রকল্পের জনবলকে পল্লী সঞ্চয় ব্যাংকে দ্রুত স্থায়ী নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর দেয়া স্মারকলিপিতে এ অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিলুপ্তি একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেয়া হয়।
রাজশাহী জেলা ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান জানান, বিলুপ্ত হওয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের রাজশাহী জেলার ৯০ জন কর্মকর্তা-কর্মচারি প্রথমে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

পরে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এসময় স্মারকলিপিটি দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁচ্ছে দেয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বলে জানান তিনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ এর ৩৯ ধারা অনুযায়ী গত ৩০ জুন বিলুপ্তি একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল স্থাবর-অস্থাবর সম্পদ ও জনবল ১ জুলাই থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরিত হবে।
এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ এর ৬ ধারা অনুযায়ী বিলুপ্তি প্রকল্পের সকল সমিতি স্বয়ংক্রিয়ভাবে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক নিবন্ধিত হয়েছে। কিন্তু বিলুপ্ত প্রকল্পের সম্পদ স্থানান্তরিত ও সমিতি নিবন্ধিত হলেও এখনো কর্মকর্তা-কর্মচারিদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণের কোন ব্যবস্থা করা হয়নি। ফলে মাঠ পর্যায়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বিলুপ্ত হওয়া প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিরা শঙ্কার মধ্যে রয়েছেন।
এতে করে এই প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স/আর









