জাতীয়

বিধবা নারীর কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে এক বিধবা নারীর জমির কাঁচা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লাভলী বেগম (৩৮)।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।

ভুক্তভোগী লাভলী বেগম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত ফয়জার রহমানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর দলিলের মাধ্যমে সোনারায় মৌজায় ১৭ দশমিক ৫ শতক জমি কেনেন লাভলী বেগম। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন।

তবে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিবেশী মৃত ইছিম উদ্দিনের ছেলে আব্দুল বারী ও আবুল কালামের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছে।
এ নিয়ে লাভলী বেগম গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় ৩৫২/২০২৬ নম্বর পিটিশন মামলা করেন। একই জমি নিয়ে দেওয়ানি আদালতেও মামলা চলমান রয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুন্দরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।

একই সঙ্গে সহকারী কমিশনারকে (ভূমি) জমির দখল বিষয়ে প্রতিবেদন দিতে এবং উভয় পক্ষকে প্রমাণাদিসহ লিখিত বক্তব্য দাখিলের আদেশ দেন আদালত।
লাভলী বেগমের অভিযোগ, মামলা চলমান থাকা সত্ত্বেও গতকাল সোমবার আব্দুল বারী ও আবুল কালাম ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তার জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে আবাদ করা কাঁচা আমন ধান কেটে নিয়ে যান। কাটা ধানের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। ধান কাটতে বাধা দিলে অভিযুক্তরা লাঠি ও কাস্তে উঁচিয়ে তাকে ধাওয়া করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, ‘বিরোধপূর্ণ জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। ধান পেকে যাওয়ায় আমরা তা কেটেছি। লাভলী বেগমই মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন এবং আমাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘ভুক্তভোগী নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’