সিল্কসিটিনিউ ডেস্ক:
গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। গত শনিবার বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

অস্ত্র হারানো এএসআই পারভেজ মল্লিক জানান, গত শনিবার বিকেলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন।
পরে তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।
এএসআই জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে কোথায় বা কিভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।
বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।









