জাতীয়

বিদ্যুতের তারে জড়িয়ে আহত বিরল প্রজাতির লজ্জাবতী বানর

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে আহত অবস্থায় বন্যপ্রাণীটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।

জানা যায়, বৈদ্যুতিক তারে জড়িয়ে লজ্জাবতী বানরটি মাটিতে পড়ে আহত হয়। দেখতে পেয়ে স্থানীয় রেসকিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন দ্রুত প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজনকে খবর দেন। এতে কাপ্তাই রেঞ্জ বন বিভাগের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের জিম্মায় উদ্ধার করে নিয়ে যান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আহত বানরটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রাতেই উন্নত সেবা ও নিরাপদ আশ্রয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকোপার্কে দায়িত্বরত বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার করা বানরটি মূলত ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা গেলেও বর্তমানে বাংলাদেশে বিলুপ্তপ্রায়। রাঙামাটি জেলায় বর্তমানে হাতেগোনা মাত্র ৪-৫টি এ প্রজাতির বানর থাকতে পারে বলে ধারণা তার।

 

সূত্র: যুগান্তর