সিল্কসিটিনিউজ ডেস্ক:
সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম সংসদ অধিবেশনকে ‘ভুয়া ভোটের সংসদ’ অভিহিত করে এর প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি।
আজ বুধবার সংসদ অধিবেশন বসছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।
গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করেছে, ‘অনিয়ম’ ও ‘ভোট কারচুপি’ করে জিতেছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে নতুন করে নির্বাচন দেয়ার দাবিও জানিয়েছে ঐক্যফ্রন্ট। বিএনপির বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বুধবার (আজ) ভুয়া ভোটের সংসদ বসছে। এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্বা। এ সংসদ গণবিরোধী।
এ সংসদ নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর। ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে।
তিনি বলেন, দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াসহ কারাবন্দি হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে বন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ৮ ফেব্রুয়ারি তার কারাভোগের এক বছর পূর্ণ হবে।
রিজভী বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাতামাশার নির্বাচন। চরম মিথ্যাচার, অনুশোচনাহীনতা ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নির্লজ্জভাবে ম্যানুফ্যাকচার্ড ভোটের ফলাফল ঘোষণা করে নিজেরা আত্মপ্রসাদ লাভ করলেও জনগণকে বোকা বানানো যায়নি।
মহাভোট ডাকাতির মহাসমারোহ জনগণ দিব্যচোখে অবলোকন করেছে। ভুয়া ভোটের মিথ্যা জয়ের অহংকারে ধানের শীষের নেতাকর্মী, সমর্থকসহ গরিব মানুষের বাড়িঘর, দোকান, বাজার ভেঙে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেয়া হয়েছে। মূলত রক্তাক্ত মূর্তি নিয়েই তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটাধিকার আত্মসাৎ করে।
এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি পারভেজ আহমেদ জামিনলাভের পরও জেলগেট থেকে পুনরায় গোয়েন্দা পুলিশের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, সুলতানা আহমেদ প্রমুখ।










