সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপিকে দুর্বল না ভাবার কথা বলে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘আমাদের ভদ্রতা ও উদারতা দেখে দুর্বল ভাববেন না। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি এবং গণতন্ত্র ফিরিয়ে আনি।’
শনিবার ( ৮ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে চাইতেন না, ভুয়া নির্বাচন দিতেন।
আপনারাও দেখি নির্বাচন দিতে চাচ্ছেন না। পার্থক্য তো খুঁজে পাচ্ছি না। আরেকটি দল রয়েছে, পটপরিবর্তনের পর তাদের সালাম বেড়ে গেছে। তারা ভেবেছে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ এসেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘১৯৮৬ সালে আপনারা হাসিনার সঙ্গে পাতানো নির্বাচনে গেছেন। ওই একটা ভুলের পর আওয়ামী লীগ ২৩ বছর রাস্তায় রাস্তায় ঘুরছে। কোনোদিন স্বপ্নে ভাবনি আবার ক্ষমতায় আসতে পারবে। আপনারাই সেই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওবার সুযোগ করে দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘ওই ভুলের খেসারত আপনারাই সবচেয়ে বেশি দিয়েছেন। আপনাদের বড় বড় নেতারা জীবন দিলেন। মনে রাখবেন, বিএনপির সঙ্গে থাকলে ১৭-১৮টি সিট (আসন) আছে, না থাকলে কিন্তু তিনটি সিট পাবেন।’
১০ বছর পরে উপজেলা বিএনপির সম্মেলনে উপজেলা বিএনপির সদস্যসচিব নূরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক মো. শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
পরে বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। পরে উপজেলার বিএনপির আগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাফিজুর রহমান বাবুল সভাপতি হন। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী থাকায় নির্বাচন হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন হচ্ছিল।
সূত্র: কালের কণ্ঠ










