জাতীয়

বাহুবলে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, থানা ভাঙচুর

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হবিগঞ্জের বাহুবলে শিক্ষকদের আটকের জের ধরে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে ছাত্রসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উত্তেজিত ছাত্ররা থানা ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় দুই শিক্ষককে আটক করে পুলিশ। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হয়।

হবিগঞ্জের পুলিশ-ছাত্র সংঘর্ষ
পরে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশ শিক্ষকসহ ছয় জনকে আটক করেছে। এ ঘটনার পর থেকে এলাকা থমথমে হয়ে আছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আন্দোলন শেষে ছাত্ররা থানার মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থানায় হামলা চালিয়ে পুরো থানা ভাঙচুর করেছে। এ সময় পুলিশও আহত হয়েছে।

সূত্র : বাংলাট্রিবিউন