লীড নিউজ

বার্ন ইনস্টিটিউটে ১৩ জনের অবস্থা গুরুতর, ৮ জনের আশঙ্কাজনক

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার দুপুরে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান। তাদের এখন বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আরো ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড।

পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সিঙ্গাপুরের চিকিৎসক রোগীদের অবস্থা মূল্যায়ন করতে এবং তাদের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে সহায়তা করছেন।’

কাউকে বিদেশে পাঠানো হতে পারে কি না, জানতে চাইলে পরিচালক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।