সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনেকেই ভাবতে পারেন যে নিজের ক্ষতি মেনে নিয়েও আমেরিকা কেন এ রকম সিদ্ধান্ত নিয়ে থাকে।
সমস্যা হচ্ছে, ট্রাম্পের উচ্চ শুল্কহারের যে সিদ্ধান্ত, তার মাত্রা এবং ব্যাপকতা অনেক বেশি। অন্যান্য সিদ্ধান্তের চেয়ে শুল্কহারের প্রভাব আমেরিকায় মারাত্মক হবে, এটিই স্বাভাবিক। অন্যান্য সিদ্ধান্ত; যেমন—নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করা হয় নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর। ফলে প্রভাব ততটা উপলব্ধি করা যায় না। পক্ষান্তরে ট্রাম্প প্রশাসন এবার উচ্চহারের শুল্ক আরোপ করেছে বিশ্বের বেশির ভাগ দেশের ওপর। বাদ যায়নি দীর্ঘদিনের মিত্র ন্যাটোভুক্ত দেশ এবং নিকট প্রতিবেশী কানাডা। যদি উচ্চ শুল্কহার দু–একটি দেশের বিরুদ্ধে আরোপ করা হতো, তাহলে সমস্যা এতটা প্রকট হতো না, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদের সময়। আমেরিকার অর্থনীতিতে এই উচ্চ শুল্কহারের প্রভাব যে মারাত্মক হতে পারে, সেটি আঁচ করতে পেরেই ট্রাম্প প্রশাসন এই উচ্চ শুল্কহারের সিদ্ধান্ত প্রথমে ৯০ দিনের জন্য স্থগিত করলেন এবং এই স্থগিতের মেয়াদ বৃদ্ধিও করেছেন।
ট্রাম্পের উচ্চ শুল্কহারের সিদ্ধান্তের কারণে আমেরিকার ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন। ক্ষতির অন্যতম কারণ হচ্ছে পণ্যসামগ্রীর উচ্চমূল্য, যা মূলত উচ্চহারে শুল্ক আরোপের প্রভাব। কয়েক বছর ধরে জিনিসপত্রের মূল্য বেড়েই চলেছে। এর ওপর বাড়তি শুল্কের কারণে যে বাড়তি মূল্যবৃদ্ধি ঘটবে, তা যুগপৎ ভোক্তা ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করবে। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের অধিক মূল্য দিতে হবে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অধিক মূল্যবৃদ্ধির ফলে বিক্রির পরিমাণ কমে যাবে, যা প্রকারান্তরে তাঁদের মুনাফার পরিমাণ কমিয়ে দেবে। বৃহৎ করপোরেট ব্যবসাপ্রতিষ্ঠান তাদের কৌশল এবং বাণিজ্যিক প্রভাব খাটিয়ে হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সমস্যা দেখা দেয় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে। তাঁদের পক্ষে উৎপাদনকারী বা রপ্তানিকারকদের সঙ্গে দর–কষাকষির সুযোগ কম। এমনকি আমেরিকার বাজারে বর্ধিত মূল্যের একটি অংশ রপ্তানিকারকের সঙ্গে ভাগাভাগি করাও সম্ভব হয় না। এমনিতেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লাভের পরিমাণ খুব সামান্য এবং সব সময় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে একপ্রকার অসম প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। এহেন পরিস্থিতিতে যদি বিক্রির পরিমাণ কমে যায়, তাহলে তাঁদের পক্ষে ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে না।
ট্রাম্পের উচ্চ শুল্কহারের কারণে আমেরিকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছেন। এ রকম একজন ব্যবসায়ী হচ্ছেন রিক ওডেনবার্গ, যিনি আমেরিকার বিভিন্ন রাজ্যে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে শুধু শিক্ষামূলক খেলনা বিক্রি করেন। এসব খেলনা বিশেষভাবে ক্রয়াদেশ দিয়ে চায়না, ভিয়েতনাম ও ভারত থেকে সংগ্রহ করতে হয়। বিশেষ ধরনের শিক্ষামূলক খেলনা হওয়ায় প্রায় ৯ মাস আগে থেকে ক্রয়াদেশ দিতে হয়। উৎপাদনকারীরা এসব খেলনা তৈরি করার জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল ব্যবহার করেন।
ট্রাম্পের উচ্চশুল্ক নিয়ে একেক সময় একেক রকম সিদ্ধান্ত গ্রহণের কারণে ওডেনবার্গ এবারের ক্রয়াদেশ নিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন সময় ক্রয়াদেশ বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করেও সমস্যার সমাধান করতে পারেননি এবং মারাত্মক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখতে পান। এই অবস্থা থেকে নিজের ব্যবসা রক্ষা করার উদ্দেশ্যে ওডেনবার্গ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন পক্ষের কাছে ধরনা দিয়েছিলেন, কোনো লাভ হয়নি। অবশেষে উপায়ান্তর না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন এবং ফেডারেল কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে নিম্ন আদালতে জিতেও যান। মামলাটি উচ্চ আদালতে আপিল করা হলে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেন।
এই মামলার আপিল চলমান থাকতেই শুল্ক সমস্যা কিছুটা স্তিমিত হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পাদন করে শুল্কহার হ্রাস করতে সক্ষম হয়েছে। কিন্তু বিষয়টি বাস্তবে যত না শুল্ক সমস্যার সমাধান, তার চেয়ে অনেক বেশি মুখ রক্ষার ব্যবস্থা। সার্বিকভাবে অনেক দেশের বিরুদ্ধে শুল্কহার ২৫ শতাংশ বা তার বেশিই রয়ে গেছে। এত বেশি শুল্ক দিয়ে আমেরিকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। ফলে যতই শুল্ক সমস্যার সমাধান হয়েছে বলে মনে করা হোক না কেন, এই চলমান মামলা চূড়ান্ত রায় পর্যন্ত গড়াবে।
যা হোক এই আপিল শুনানি শেষে যে রায় হবে, তাতে যে পক্ষই জিতুক না কেন, মামলাটি যে সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে ট্রাম্পের উচ্চ শুল্কহার যে দীর্ঘমেয়াদি আইনি যুদ্ধে রূপ নিতে চলেছে, তা মোটামুটি নিশ্চিত। এখন এই যুদ্ধে যদি ট্রাম্প জয়লাভ করেন, তাহলে ট্রাম্প প্রশাসন এ রকম শুল্ক আরোপসহ অন্য অনেক বিষয়ে বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র আইনগত অধিকার পেয়ে যাবেন। আর যদি ব্যবসায়ী জিতে যান, তাহলে ট্রাম্পের এমন শুল্কহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই থেমে যেতে পারে। বাস্তবে কী হয়, তা দেখার জন্য এই মামলার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
লেখক : সার্টিফায়েড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা










