সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাইবান্ধার সাঘাটায় বিক্রয়কেন্দ্রের বাইরে বাড়িতে ৪০ বস্তা এমওপি (পটাশ) সার মজুদ করায় মো. মুঞ্জুরুল হক নামে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

আদালত পরিচালনা করেন সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
মুঞ্জুরুল হক বোনারপাড়ার মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও অনুমোদিত সার ডিলার।
কৃষি অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত বিক্রয় কেন্দ্রের বাইরে সার পরিবহনের বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে যাচাই করতে গিয়ে তার বাড়িতে ৪০ বস্তা এমওপি সার পাওয়া যায়।
বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কৃষি অফিসের অনুমতি বা অবগতির বাইরে বাড়িতে সার মজুদের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বাড়িতে রাখা সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সারগুলো সেখানে নেওয়া নিশ্চিত করা হয়।
সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মুঞ্জুরুল হক বৈধ সার ডিলার হলেও অনুমতি ছাড়া বাড়িতে সার মজুদ করায় তাকে জরিমানা করা হয়েছে।









