সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থদের ঘর-বাড়ি মেরামতে নেই কোন সরকারি বরাদ্দ !

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া
বাঘায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থদের ঘর-বাড়ি মেরামতে নেই কোন সরকারি বরাদ্দ !

আমানুল হক আমান,বাঘা:
রাজশাহীর বাঘার পদ্মার পানি কমলেও এখন পর্যন্ত চরের ঘর-বাড়ি মেরামতের জন্য সরকারি কোন বরাদ্দ দেয়া হয়নি বলে চরের মানুষের অভিযোগ। ফলে চরম বিপাকে পড়েছে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থ অনেক মানুষ। তবে যাদের টাকা আছে তারা পানি কমার সাথে সাথে নতুনভাবে ঘর-বাড়ি মেরামতের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।

 

  • লক্ষীনগর চরের জিনাত মোল্লা সাথে সিল্কসিটি নিউজের কথা হয় তার ভাংগা ঘরের বারান্দায়। উপরে টিনের চালা। বেড়াগুলো বন্যায় ভেঙ্গে গেছে। মেরামত করার পয়সা নেই। তার পরে তিন ছেলে তিন মেয়ে ও স্ত্রী সুফি বেগমকে নিয়ে খুব কষ্টে দিন পার করছেন। এবারের বন্যায় বাড়ি-ঘর ভেঙ্গে গেছে। কি করে ঘর মেরামত করব ? হাতে তো পয়সা নেই। এমন কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

স্ত্রী সুফি বেগম বলেন, স্বামী অনেকটায় বয়স হয়েছে। তারপর আবার অসুস্থ্য দিন চালানোই মুসকিল হয়ে পড়েছে।
পলাশী ফতেপুর চরের বখতিয়ার খাঁ বলেন, চকরাজাপুর ইউনিয়ন চরের মানুষের প্রধান পেশা কৃষি কাজ করা ও পাশাপাশি পদ্মায় মাছ ধরা। তাদের যা আয় হয় এই দিয়ে সংসার চরে। তারপর প্রতি বছর বন্যায় ঘড়-বাড়ি ভেঙ্গে যায়। প্রতি বছর ঘর-বাড়ি মেরামত করতে হয়। ভাঙ্গনের ফলে এক স্থান থেকে অন্য জায়গায় ঘর-বাড়ি তুলতে হয় অনেক সময়। এভাবেই চলে আমাদের জীবন। শুকনো মৌশুমে কৃষি কাজ, বর্ষায় মাছ ধরে জীবন জীবীকা নির্ভর করতে হয়।

 
চৌমাদিয়া চরের আঞ্জু মোল্লা বলেন, প্রায় এক মাস যাবত পানি বন্দি ছিলাম। পানি কমার সাথে সাথে ঘর-বাড়ি মেরামত করার চেষ্টা করছি। ঘর-বাড়ি মেরামত না করলে থাকা মুসকিল হয়ে যাবে। খোলা জায়গাতে তো বসবাস করা যায় না।

 

 

ঘর-বাড়ি মেরামতের জন্য সরকারি বা বেসরকারিভাবে কোন সহযোগিতা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, এক মাস যাবত পানি বন্দী ছিলাম। এই সময় উপজেলা প্রশাসনের পক্ষে কয়েকবার ত্রাণ দিয়েছেন। তবে ঘর-বাড়ি মেরামতের জন্য এখনও কোন অর্থ পায়নি। তবে তিনি অর্থের দাবি করেন।

 

চৌমাদিয়া চরের মোস্তাফা বলেন, বন্যায় ঘর-বাড়ি প্রায় ভেঙ্গে গেছে। মেরামত তো করতেই হবে। মেরাতম না করলে ছেলে-মেয়ে নিয়ে বসবাস কিভাবে করব। কিছু টাকা ছিল এই টাকা দিয়ে বাড়ি-ঘর সারার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত বাড়ি-ঘর সারার ব্যাপারে কেউ কোন সহযোগিতা করেনি।

 

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিযুল আযম বলেন, পদ্মার পানি কমতে শুরু করেছে তবে ভাঙ্গছে পদ্মার পাড়। তবে যেভাবে পদ্মার পাড় ভাঙ্গছে তা প্রতিকারের ব্যবস্থা না করলে এলাকার চিহ্ন থাকবে না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ঘর-বাড়ি ভেঙ্গে যাওয়া পরিবারের তালিকা তৈরী করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে তাৎক্ষনিকভাবে বিতরণ করা হবে। তবে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সার্বক্ষনিক ছিলাম। পর্যাপ্ত ত্রাণও দেওয়া হয়েছে।

স/অ