বাংলাদেশের প্রথম বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাজারে জায়গা পেল স্কিন ক্যাফে (Skin Cafe)। সে হিসেবে প্রতিষ্ঠানটির অর্গানিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং পারসোনাল কেয়ারের পণ্যগুলো বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেট প্লেস অ্যামাজনে পাওয়া যাবে। এর আগে বাংলাদেশি কোনো পণ্য অ্যামাজনে স্থান পায়নি। এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই যেকোনো ক্রেতা ঘরে বসে এই অর্গানিক পণ্যগুলো কিনতে পারবেন।
অ্যামাজনের সঙ্গে এই যাত্রা শুরু হওয়া নিয়ে স্কিন ক্যাফে লিমিটেডের চিফ অপারেশন অফিসার (সিওও) মোহাম্মদ আবদুল্লাহ আল জাহিদ জানান, ‘অ্যামাজনে অন্তর্ভুক্ত হওয়ার আগে স্কিন ক্যাফের পণ্যগুলো যুক্তরাষ্টের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাভ করে, যেটা বাংলাদেশে তৈরি কোনো বিউটি ব্র্যান্ডের জন্য প্রথম ছিল। এটা অবশ্যই দেশের জন্য গর্বের ব্যাপার।’
তিনি বলেন, ‘দেশীয় ক্রেতাদের মন জয় করার পর আমরা অ্যামাজনের মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশে তৈরি এই অর্গানিক পণ্যগুলো পৌঁছে দিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, দেশেই চমৎকার সব অর্গানিক পণ্য বানানো সম্ভব; যেগুলো কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মানুষের বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ারের প্রয়োজন পূরণ করতে পারে। আশা করি, আমাদের পণ্য সবাইকে পজিটিভ ইউজার এক্সপেরিয়েন্স দেবে।’

বাংলাদেশে বিউটি এবং পারসোনাল কেয়ার মার্কেট গত কয়েক বছরে দারুণভাবে বিকশিত হয়েছে জানিয়ে আবদুল্লাহ আল জাহিদ বলেন, ‘বর্তমানে এই মার্কেটের আকার প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী দশকে এই খাতের অগ্রগতি দেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে বেশি হারে হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে, স্কিন ক্যাফের পুরো টিম সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এরিয়া ৭১, বাংলাদেশে আমাজনের একমাত্র স্বীকৃত সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক (এসপিএন), যেটি স্কিন ক্যাফেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর দীর্ঘ যাত্রায় নানাভাবে সহযোগিতা করেছে।
এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আন্তঃদেশীয় ই-কর্মাসের একটি টেকসই পরিবেশ তৈরিতে কাজ করছি। স্কিন ক্যাফেও নিজেদের পণ্য দেশের গণ্ডির বাইরে পৌঁছে দেয়ার একই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের জিডিপিতে ভবিষ্যতে এই সেক্টরটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
সুত্রঃ জাগো নিউজ









