সদ্য প্রকাশিত
খেলা

বড় হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
বড় হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয় বাংলাদেশের। তার এক সপ্তাহ পরে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ।

ইনিংস ও ৫১ রানে হারতে হয়েছে টাইগারদের। এর পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এখনো ভারতের থেকে এগিয়েই রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। এই ম্যাচ জিতলে কি বাংলাদেশকে টপকাতে পারবেন শুভমান গিলরা?
আগের ম্যাচে একপ্রকার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো। কিন্তু ওই টেস্ট জয়ের মাধ্যমে বাংলার টাইগাররা আরো একটা কাজ করে ফেলেছিলেন, সেটা হলো অজিদের অস্তিত্বে আঘাত। যার প্রতিঘাত যে দ্বিতীয় টেস্টে আসবে, জানাই ছিল। সেই প্রতিঘাত আর সামলাতে পারেননি টাইগাররা।

মিচেল স্টার্কের আগুন পেসে পুড়ে ছারখার হয়ে যায় বাংলাদেশ। ম্যাকেতে মাত্র দেড় দিনে এক ইনিংসসহ ৫১ রানে হার দেখল টাইগাররা। দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
সিরিজের প্রথম টেস্ট জিতে পয়েন্ট টেবিলেও বড়সড় লাফ দিয়েছিল টাইগাররা। ৬৬.৬৭ পয়েন্টে পৌঁছে তাদের।

ফলে ভারতকে টপকে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে বাংলাদেশ। কিন্তু রবিবার হারের পর ধস নেমেছে পয়েন্টে। ৬ টেস্ট খেলে টাইগারদের পয়েন্ট নেমেছে ৫৫.৫৬ পয়েন্টে।

গলে প্রথম টেস্ট ইতিমধ্যেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের ঝুলিতে রয়েছে ৫৩.৩৩ পয়েন্ট। শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে হারাতে পারলে অবশ্য পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারত। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচ খেলে আটটায় জিতেছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে তিনটে জয় এসেছে তাদের। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা ৬ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় সবচেয়ে ওপরে থাকা দুই দল খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আপাতত ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা বেশ কঠিন। সামনের প্রত্যেকটা ম্যাচই কার্যত নকআউট। সব ম্যাচ জিতে গেলে ফাইনালের টিকিট মিলতেও পারে শুভমান গিলদের।