সিল্কসিটিনিউজ ডেস্ক:
দেশের সরকারি-বেসরকারি অনেক ব্যাংক ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেট সেবা নেয়।
এসব প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা নিতে আগ্রহী করতে কাজ করছে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন্স কোম্পানি লিমিডেট। আর এ জন্যে তারা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা নিচ্ছে।

সেপ্টেম্বর থেকেই এই সেবা দেওয়ার বিষয়টি যাতে শুরু করা যায় তার জন্যেই চেষ্টা চলছে বলে জানিয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম।
সেপ্টেম্বর থেকেই বঙ্গোপসাগরে যে সব জাহাজ আসবে তারা যাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সেবা পেতে পারে তার জন্যে ইতিমধ্যে বিএসসিসিএল-এর সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে।
বঙ্গোপসাগরে বছরে প্রায় ৩৯ হাজার বেশি দেশি-বিদেশি জাহাজকে যাতায়াত করে, আর চুক্তি অনুসারে তারা সবাই এই সুবিধা পাবে। যেখান থেকে কোম্পানির আয় হবে ৪২ কোটি টাকা।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবায় নেওয়ার পরের তালিকায় রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয় তো আছেই, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নেবে ই-লার্নিং বিষয়ক সেবার সুবিধা।
জনপ্রশাসন, স্বরাষ্ট্র এবং মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাদের চাহিদার কথা জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব মন্ত্রণালয়কে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে তাদের প্রয়োজনী সেবা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয় বলেও জানিয়েছে কোম্পানি সূত্র।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাণিজ্যিক ব্যবহারের জন্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে তখনই যাতে কোম্পানি আয় শুরু করতে পারে তার জন্যে আগে থেকেই প্রস্তুতি হিসেবে এসব কাজ করা হচ্ছে।
স্যাটেলাইটির মেয়াদ হবে ১৫ বছরের। ফলে এর সর্বোচ্চ ব্যবহার করতেই এই চেষ্টা বলে জানিয়েছেন সাইফুল ইসলাম।
বিসিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ১৬০০ মেগাহার্জ ব্যান্ডউইথ পেয়েছে দেশ। ইতিমধ্যে তারা স্যাটেলাইট থেকে সেবা নিতে ৪৫টি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছেন।
গত ১১ মে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হয়। সব মিলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা।
আগামী সাত বছরের মধ্যে এই খরচ উঠবে আসবে বলে ধারণা হিসাব করেছে উৎক্ষেপণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।









