বগুড়া

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি জামিল হোসেন (৪৪) কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে যুবদল নেতা রাহুল সরকার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে তাঁর লিজ নেওয়া পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাহুল সরকারের মৃত্যু হয়। নিহত রাহুল সরকার ছিলেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

হত্যাকাণ্ড ঘটানোর পরপরই জামিল হোসেন আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করছিলেন। জেলা ছেড়ে পালানোর গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল শেরপুরের ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।