বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী।

চলতি বছর তাদের এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানায়, নেহালের নাটোরে হলেও ছোটবেলা থেকেই সে নন্দীগ্রামে নানার বাড়িতে বসবাস করে পড়াশোনা করে। আগামী ২৯ জানুয়ারি তাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতির কাজ শেষ করে মোটরসাইকেলে করে দুজন বাড়ির উদ্দেশে রওনা দেয়।

 

পথিমধ্যে নামুইট-সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।