নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় একটি খাল থেকে ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বারখি নামের খাল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত কারণে বর্তমানে আশপাশের এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী।

তিনি জানান, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আগত বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে তা অপসারণ করার কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, মানিক নামের একজন পরিবারের দুই সদস্যকে নিয়ে রবিবার দুপুরের দিকে বারখি খালে মাছ ধরতে আসেন। মাছ ধরার আগে খালের পানি নিষ্কাশনের সময় দুই দফায় দুটি করে চারটি গ্রেনেড উঠে আসে। বিষয়টি থানা পুলিশকে জানালে সেগুলো উদ্ধার করে।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে এসে সেনা সদস্যরা খালে অভিযান চালালে আরও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে।









