বগুড়া

বগুড়াতেও প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের বাসা

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৫৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার খবরে বগুড়ায় তার বাসাটি প্রস্তুত করা হচ্ছে। বগুড়া-৬ (সদর) আসনের মধ্যে পড়া এ বাসা থেকে তারেক রহমান নির্বাচনি প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

প্রায় ১৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে বাসাটি সংস্কার করে বসবাস উপযোগী করার কথা জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং পরে কারামুক্ত হয়ে লন্ডন চলে যান। এরপর থেকে বাড়িটিতে কোনো নিরাপত্তা প্রহরীও ছিল না। বাড়ির গেইট এবং দেয়ালের রং চটে গেছে। তিনতলা বিশিষ্ট ভবনটি দীর্ঘদিন ধরে বন্দ থাকায় আসবাবপত্রসহ ভেতরের সব কিছু প্রায় নষ্ট হয়ে গেছে।

অথচ তারেক রহমান দেশে থাকা অবস্থায় উত্তরের যেকোনো জায়গা দলীয় কাজে গিয়ে ফেরার পথে বগুড়ার এ বাসায় রাত্রিযাপন করতেন। এই বাসা থেকে উত্তরের নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন তিনি।

নেতাকর্মীরা জানান, অনেক বছর আগে সাবেক সংসদ সদস্য লালু তার বাসার পাশে পাঁচ শতাংশ জমি তারেক রহমানকে মৌখিকভাবে দেন। পরে সেখানে বাড়ি নির্মাণ করেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়ির নকশা করা হয়। মূলত এই বাড়িটিকে ঠিকানা হিসাবে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি মা বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফেরার প্রস্তুতি নেন তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের দেশে ফেরার খবর পাওয়ার পর বগুড়ার বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা বলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু।

তিনি বলেন, “উনার (তারেক রহমান) দেশ আগমনের বার্তা পাওয়ার পর আমি বাসাটি সংস্কারে হাত দিয়েছি। কারণ তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন। ওটা উনার নিজের বাসা।

“বগুড়ায় না এসে উনি থাকতেই পারবেন না এবং নিজের বাসাতেই থাকবেন এটা আমার উপলব্ধি। যতটুকু জেনেছি, ঢাকা থেকেই মনোনয়নপত্র দাখিল করবেন। কেন্দ্রীয় নেতারা এতটুকু আভাষ দিয়েছেন।”

তবে মনোনয়নপত্র ঢাকা থেকে দাখিল করলেও তারেক রহমান বগুড়ায় আসবেন এবং ওই বাসাতেই থাকবেন বলে বিশ্বাস খালেদা জিয়ার এ উপদেষ্টার।

তারেক রহমানের বাসার সংস্কার দেখে খুশি সূত্রাপুরবাসীও। এ এলাকার বাসিন্দা রুম্মান বলেন, “তারেক রহমান আগের মতই বগুড়া এসে তার নিজের বাসায় থাকবেন। আমরা তাকে দেখব এবং কথা শুনব।”

বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, “আমি প্রার্থী হলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভোটের প্রচার করে যাচ্ছি। বগুড়ার তারেক রহমানের বাসা সংস্কার হচ্ছে জেনে আনন্দিত। তিনি বগুড়ায় আসবেন এ কারণে বগুড়াবাসীও অধীর আগ্রহে আছেন।”