সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুবাই থেকে সিঙ্গাপুরগামী এক ফ্লাইটে যাত্রীর কাছ থেকে ব্যাগ চুরি করার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ আগস্ট আদালতে তোলার কথা ছিল বলে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশ ৯ আগস্ট জানিয়েছে, তারা ৮ আগস্ট স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিজনেস ক্লাসে সন্দেহজনক চুরির একটি ঘটনার খবর পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী ঘুমিয়ে থাকার সময় তার স্ত্রী দেখেন, ২৫ বছর বয়সী ওই অভিযুক্ত বিমানটির সিটের ওপরে থাকা ব্যাগ রাখার অংশ থেকে তার স্বামীর ব্যাগ বের করছেন।
ভুক্তভোগীর স্ত্রী অভিযুক্তকে প্রশ্ন করলে তিনি ব্যাগটি আবার জায়গামতো রেখে দেন। এরপর তিনি তার স্বামীকে বিষয়টি জানান।
ঘটনাটি কোন এয়ারলাইনের বিমানে ঘটেছে, তা এখননো জানা যায়নি। তবে দ্য স্ট্রেইটস টাইমসের তথ্য মতে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মধ্যে বর্তমানে কেবল এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে।
পুলিশ বলেছে, ‘চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দর পুলিশের কাছে নিজের কর্মকাণ্ডের যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে পরবর্তী ফ্লাইটে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।’
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির মুখোমুখি হতে পারেন।
এদিকে এর আগে চাঙ্গি বিমানবন্দরে একই রকমের একটি ঘটনা ঘটেছিল, যেখানে ৩৮ বছর বয়সী এক ভারতীয় নাগরিক জুয়েল চাঙ্গি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে জিনিসপত্র চুরি করেন।










