সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফ্যাসিবাদ ও আওয়ামীপন্থীদের নির্বাচনে আসতে দেওয়া হবে না। বাংলাদেশ দিল্লীপন্থীদের হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
লক্ষীপুরের রামগঞ্জে সরকারি সফরে যাওয়ার পথে হাজীগঞ্জের পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে।

৭৫ সালের আজকের এই দিনে শেখ মজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে চারটি পত্রিকা ছাড়া বাকী সব পত্রিকা বন্ধ করে গনতন্ত্রকে নৎসাত করেছিল। নব্য দেশের স্বাধীনতাকে ভূলুন্ঠিত করেছিল। সেই সময়ে কয়েক হাজার বিরোধী নেতাকর্মীদের গুম করেছে। তার নির্দেশে সেই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একই ষ্টাইলে গুম খুন করেছিল।
আমরা শেখ মুজিব আর শেখ হাসিনার শাসন আর চাইনা, আমরা বাংলাদেশপন্থীদের হাতে বাংলাদেশ চাই।’
তিনি বলেন, ‘আমরা বলেছি বিএনপি, জামায়াত, আলেম ওলামারা আছেন, তারাই নির্বাচনে থাকবেন। বাংলাদেশে সুষ্ঠ একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পজেটিভ কম্পিটিশনের ভিতর দিয়ে গনতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হবে। তাঁরাই বাংলাদেশে ইনসাফমূলক শাসন ব্যবস্থা কায়েম করবে। যারা বাংলাদেশপন্থী তাদের মাধ্যমে নির্বাচন হবে।’
এ সময় উপদষ্টা মাহফুজ আলম আরো বলেন, ‘আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে গুম-খুনের, ধর্ষণের বিচার করা, সংস্কার করা। ১৫/১৬ বছর যেটা সম্ভব হয়নি আমরা তা করব। হাজীগঞ্জবাসী আমাদের সঙ্গে থেকে সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠ নির্বাচন করার কাজে এগিয়ে আসবেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হাজীগঞ্জের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল।
‘
এ সময় উপজেলা নিবাহী কর্মকর্তা তাপস শীলসহ উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ডিবি পুলিশ ও হাজীগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ









