সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ফেসবুকে প্রেসিডেন্টকে ‘অপমান’, মৃত্যুদণ্ড দিলেন আদালত

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
ফেসবুকে প্রেসিডেন্টকে ‘অপমান’, মৃত্যুদণ্ড দিলেন আদালত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিউনিসিয়ার একটি আদালত প্রেসিডেন্ট কাইস সাঈদকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে অপমানজনক মন্তব্য করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী ও একটি মানবাধিকার সংগঠন শুক্রবার জানিয়েছে।

মানবাধিকার কর্মীরা ৫১ বছর বয়সী ওই আসামির নাম সাবের শুশান হিসেবে শনাক্ত করেছেন। তার আইনজীবী উসামা বুতেলজা এএফপিকে জানান, শুশানকে ‘ভুয়া তথ্য প্রচারসহ’ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আইনজীবীর ভাষায়, তার মক্কেলকে ‘প্রেসিডেন্ট, ন্যায়বিচার মন্ত্রী ও বিচার বিভাগকে অপমান’ করার অভিযোগে দোষী বলা হয়েছে এবং তার কিছু পোস্টকে ‘উসকানিমূলক’ বলেও গণ্য করা হয়েছে।

এ রায় বুধবার ঘোষণা করা হয়। রাজধানী তিউনিসের পূর্বাঞ্চলীয় শহর নাবেউলের একটি আদালত এ রায় ঘোষণা করে। আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আসামিকে ২০২৪ সালের জানুয়ারি মাসে আটক করা হয়েছিল।

তবে তার পোস্টগুলোর সঠিক বিষয়বস্তু পরিষ্কার হয়নি।
প্যারিসভিত্তিক তিউনিসিয়ান মানবাধিকার সংগঠন সিআরএলডিএইচটি এক বিবৃতিতে রায়টিকে ‘গুরুতর নজির’ আখ্যা দিয়ে বলেছে, তিউনিসিয়া ‘মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন স্তরে পৌঁছেছে’। তারা শুশানের ‘অবিলম্বে মুক্তি’ দাবি করেছে।

তিউনিসিয়ার আইনে বলা আছে—রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের উদ্দেশ্যে হামলা চালানো বা নাগরিকদের মধ্যে অস্ত্রধারণে উসকে দেওয়া, যার ফলে দেশে বিশৃঙ্খলা, হত্যা বা লুটপাট হয়—এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

দেশটির আদালতগুলো মৃত্যুদণ্ড দিয়ে আসছে, যদিও ১৯৯১ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

২০১৯ সালে কাইস সাঈদ প্রেসিডেন্ট নির্বাচিত হন। আরব বসন্তের পর একমাত্র গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল তিউনিসিয়া। কিন্তু ২০২১ সালে তিনি ব্যাপক ক্ষমতা দখল করেন। এর পর থেকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করছে, দেশটিতে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলো সংকুচিত হচ্ছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে সাঈদ ডিক্রি ৫৪ কার্যকর করেন, যেখানে ‘ভুয়া তথ্য প্রচার’কে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ আইন বাকস্বাধীনতাকে দমন করছে।

ডিক্রি ৫৪-এর আওতায় সাঈদের সমালোচকদের মধ্যে ডজনখানেক ব্যক্তি কারাগারে আটক রয়েছেন। সমালোচকরা আরো অভিযোগ করেছেন, তিউনিসিয়ার বিচার বিভাগ রাজনৈতিক নির্দেশে কাজ করছে। তবে সাঈদ বারবার দাবি করেছেন আদালত স্বাধীন ও ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ন রয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ