সিল্কসিটিনিউজ ডেস্ক: ফেসবুক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার একচ্ছত্রাধিপতি। এ কথা সকলের জানা। ২০০ কোটির উপরে ব্যবহারকারীর সংখ্যা ফেসবুকের। জনমানসে তার প্রভাব নিয়ে নতুন করে কী আর বলার। পাশাপাশি ইনস্টাগ্রামও এখন ফেসবুকের অধীনে। তার ব্যবহারকারী এখন ২৫ কোটি। তবু ফেসবুক কর্তৃপক্ষ সবসময় ভেবে চলেছে নতুন কী করা যায়!
এই মুহূর্তে স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীর সংখ্যাও অনেক। তাদের রাজপাটে ভাগ বসাতে এ বার নতুন পদক্ষেপ করল ফেসবুক। গত মার্চে তারা নিয়ে এসেছিল ‘স্টোরিজ’। তবে সেটা শেয়ার করা যেত কেবল ‘বন্ধু’দের সঙ্গে। এ বার সেটা ‘পাবলিক’ করে দেওয়া হল। যার ফলে কেবল বন্ধুরা নয়, যিনি পোস্ট করছেন, তাঁর ‘ফলোয়ার’রাও দেখতে পাবেন সেটি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, এই ফিচারটি অনেকাংশেই স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ ফিচারের মতো। এটির সঙ্গে থাকে ‘মোর’ বাটন। সেখানে ক্লিক করে এডিট করা যায়।











