সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

ফের সাংবাদিকের ওপর হামলা জবি ছাত্রলীগের

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
ফের সাংবাদিকের ওপর হামলা জবি ছাত্রলীগের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের বাসে জুয়া খেলতে না দেয়ায় চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীসহ ৩ জনের ওপর হামলা করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা।

আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় প্রক্টর অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিভাগের শিক্ষকসহ আহত শিক্ষার্থীরা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে ‘দুর্জয়’ বাসে পরীক্ষার পড়াশোনা নিয়ে গ্রুপ স্টাডি করতে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতকোত্তর ৯ম ব্যাচের ৬ শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েক নারী শিক্ষার্থীও ছিল।

এ সময় কতিপয় ছাত্রলীগ কর্মী এসে তাদের আসন থেকে উঠে যেতে বাধ্য করে এবং ওই জায়গায় নিজেরা ‘তাস খেলবে’ বলে জানায়। এ সময় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ছাত্রলীগ কর্মী ও ১২ ব্যাচের শিক্ষার্থী বলে জানায়।

এ নিয়ে একটু বাকবিতণ্ডতা হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর করে আদর (সিএসই ১২ ব্যাচ), অর্ণব (বহিষ্কৃত), শিবলি ও শান্ত (ম্যানেজমেন্ট ১২ ব্যাচ), পার্থ (ভূগোল ১২ ব্যাচ), মেহেদি (দর্শন ১২ ব্যাচ), ফুয়াদ (প্রাণিবিদ্যা ১২ ব্যাচ) নামের ছাত্রলীগ কর্মীরা।

এতে আহত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ও চ্যানেল নাইনের স্টাফ রিপোর্টার রিয়াজ রহমান, মো. সাব্বির হাসান, ফয়জুন্নাহার আক্তার জিনিয়া। এদের মধ্যে রিয়াজ রহমান গুরুতর আহত হন।

এ ব্যাপারে জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, যারা মারামারি করেছে তারা ছাত্রলীগের পোস্টেট কেউ না। ছাত্রলীগের প্রোগ্রামে মাঝে মাঝে আসত। তবে জড়িতদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।