সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাহাড় ধসে শতাধিক মৃত্যুর এক বছর ঘুরতে না ঘুরতেই ফের একই ঘটনা ঘটলো রাঙামাটিতে। জেলার নানিয়ারচর উপজেলার দু’টি স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে দায়িত্বশীল কোনও সূত্রে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচরের বড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এবং সাবেক্ষ্যং ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিপাতের মধ্যে এসব স্থানে সোমবার দিনগত রাতে পাহাড় ধসে পড়ে।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন তালুকদার পাহাড় ধসের খবর নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পাহাড় ধসের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে না যাওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু বলতে পারবো না।’
তবে নানিয়ারচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানিয়েছেন, বড়পুল পাড়ায় চারজন, ধর্মচরণ কার্বারিপাড়ায় চারজন নিহত হয়েছেন। আর হাতিমারায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন।
এদিকে রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার কেচিমং মারমা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সোমবার (১১ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত জেলায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রবল বর্ষণের পর গত বছর ১৩ জুন থেকে রাঙামাটির বিভিন্ন স্থানে কয়েক দফায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৪ সেনা সদস্যসহ অন্তত ১২০ জন মারা যান। আহত হন দুই শতাধিক মানুষ। ব্যাপক ক্ষতি হয় পুরো জেলায়। তিন মাস আশ্রয় কেন্দ্রে থাকতে হয় প্রায় তিন হাজার মানুষকে। কাছাকাছি সময়ে বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজারেও পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি হয়।
বাংলাট্রিবিউন










