
ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী ভারত। ট্রাকের ধাক্কায় মৃত ২৪ পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
২৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই শ্রমিকেরা রাজস্থান থেকে আসছিল।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ট্রাকে করে যাচ্ছিল ওই পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু উত্তরপ্রদেশের আউরাইয়াতে অন্য একটি ট্রাক এসে ধাক্কা দেয় পরিযায়ী শ্রমিকদের ট্রাকে। ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
আউরাইয়ার ডিএম আভিষেক সিং জানিয়েছেন, রাত সাড়ে ৩ টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। শ্রমিকদের বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে পরিযায়ী শ্রমিকদের বাস ও একটি লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় ৮ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হন কমপক্ষে ৫৪ জন। ওই দিন সকালেই অপর একটি দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশে ৬ পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় সরকারি বাস। ঘটনায় আহত হন দুই পরিযায়ী শ্রমিক।
লকডাউন ঘোষণা হওয়ার পর বেশ কিছুদিন অপক্ষা করেছিলেন শ্রমিকেরা। কিন্তু দফায় দফায় লকডাউন বাড়ার ফলে বিরাট সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে বিদেশ বিভূঁই। অন্যদিকে কোনও কাজ না থাকা বরং উলটে থাকা খাওয়ার খরচ। সব মিলিয়ে হেঁটে ফেরার পথে বাধ্য হয়েছে শ্রমিকেরা।
গত সপ্তাহেই মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিযায়ী শ্রমিকদের দেহের ওপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেনের খালি রেক। ঘটনায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।
রেলট্রাক ধরে হাটছিলেন ওই শ্রমিকেরা। দিনভর হাঁটার পর তারা ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই বিশ্রাম নিচ্ছিল। ভোর ৫ টা ১৫ নাগাদ চলে আসে মালগাড়ি, ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
সুত্রঃ কলকাতা ২৪*৭








