সদ্য প্রকাশিত
খেলা

ফুরফুরে মেজাজে টাইগাররা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ফুরফুরে মেজাজে টাইগাররা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটির উদ্দেশে গতকার ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৯০ নম্বর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।

 

অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন ঘণ্টা ভ্রমণ শেষে শ্রীলঙ্কায় পৌঁছায়।

 

এক মাসেরও বেশি সময়ের শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কায় পৌঁছে ভ্রমণ ক্লান্তি ভুলে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। দলের সবাই লঙ্কায় পৌঁছালেও শুধু তামিম ইকবাল এখনও দলের সঙ্গে যোগ দেননি।

 

শ্রীলঙ্কায় পৌঁছে বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। দ্বীপ রাষ্ট্রে পৌঁছে রাতে ডিনারের পর কিছুটা সময় কাটান তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে সেই ছবিতে বাকিদের দেখা যায় খাবার সামনে নিয়ে রাব্বির সেলফিতে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচটি খেলবে সফরকারীরা।

 

তিন দিন বিরতির পর ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে কলম্বোর পি সারা ওভালে।

 

টেস্ট সিরিজ শেষে কলম্বোতে ২২ মার্চ অনুষ্ঠিত হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এর দুই দিন বিরতির পর ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

সূত্র: বাংলা নিউজ