সিল্কসিটিনিউজ ডেস্ক: ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল চুঁচুড়া আইটিআই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অধ্যাপকের নাম অমিত কুমার। শুধু কুপ্রস্তাব দিয়েই ক্ষান্ত থাকেনি ওই শিক্ষক। ছাত্রীরা এর প্রতিবাদে সরব হলে বহিরাগত দুষ্কৃতী দিয়ে তাঁদের হুমকিও দেওয়া হয়।
সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল অমিত। কলেজের ছাত্রীরা জানিয়েছেন, কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি কয়েকজনকে শ্লীলতাহানিও করে অভিযুক্ত। গোটা বিষয়টা কলেজের অধ্যক্ষকে লিখিতভাবে জানায় তাঁরা। এরপর অভিযুক্ত ছাত্রীদের ভয় দেখাতে শুরু করে। অধ্যাপকের বিরুদ্ধে করা অভিযোগ তুলে না নিলে আসন্ন পরীক্ষায় ছাত্রীদের ফেল করানোর হুমকি দেয় সে। এই ঘটনার কিছু পরেই কয়েকজন বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছাত্রীদের শাসায়। কিন্তু সকলের চিৎকারে রণে ভঙ্গ দেয় দুষ্কৃতীরা।
ছাত্রীদের দাবি, অমিতই ওই দুষ্কৃতীদের কলেজে আসতে বলেছিল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজের টিচার ইন চার্জ শেখ জালউদ্দিন জানিয়েছেন, কলেজে এক তদন্ত কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











