সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড় ফণী থেকে মানুষকে নিরাপদে রাখতে সরকার ব্যর্থ। ফণী মোকাবেলায় সরকারের কোনো ব্যবস্থাপনা নেই। সে কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে তাঁতী দল আয়োজিত এক প্রতীকী অনশনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফণিতে এ পর্যন্ত ১৫ জন মানুষ মারা গেছে। কিন্তু মারা যাওয়ার কথা ছিল না। আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ রাখা হয়েছে। কিন্তু সেই হাজার হাজার মানুষের জন্য রান্নাসহ প্রয়োজনীয় কাজের কোনো ব্যবস্থা নেই। এই ব্যবস্থা কে করবে? সরকারকেই করতে হবে। কিন্তু সরকার ও প্রধানমন্ত্রীর কোনো ব্যবস্থাপনা নেই।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য রাস্তায় নামতে হবে। সরকার যদি মুক্তি না দেয় তাহলে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে রাজপথে নামতেই হবে।
তিনি বলেন, দেশে এক ব্যক্তির শাসন চলছে। আর তার ইচ্ছায় বাঁচা-মরা নির্ভর করছে।
তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনশনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










