সদ্য প্রকাশিত
মতামত

প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে অন্তরায় “ঝরে পড়া” ।।আইয়ুব আলী

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৯৬ মিনিট পড়া
প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে অন্তরায় “ঝরে পড়া” ।।আইয়ুব আলী

প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা স্তরের প্রথম ও প্রধান স্তর । এই স্তরের ভিত্তির উপরই নির্ভর করে আগামীর স্থাপনা । আমাদের ভবিষ্যৎ কর্ণধার , আগামীর স্থাপনার মূল উপাদান তথা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনাই পারে একটি উজ্জ্বল নক্ষত্রতুল্য প্রজন্ম উপহার দিতে। মানব সম্পদ উন্নয়নের প্রথম শর্ত  হচ্ছে শিক্ষা । আর শিক্ষার ভিত্তি রচিত হয় প্রাথমিক স্তরেই । কিন্তু আমাদের ভবিষ্যৎ উত্তরসূরীদের প্রাথমিক শিক্ষার পথকে কিছু কণ্টক রুদ্ধ করেছে । ঝরে পড়া তাদের মধ্যে অন্যতম ।

“শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল”। আমাদের দেশে শিক্ষার মান বাড়াতে এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ । এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রে কাজে আসছে না। নানাবিধ কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ হচ্ছে না । ফলে সরকারের সবার জন্য শিক্ষা কর্মসূচী বাধাগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে ।

বর্তমান সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ( MDG) এবং সবার জন্য শিক্ষা ( EFA)- এর লক্ষ্যসমূহ অর্জনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে National Plan of Action ( NPA) প্রণয়ন করেছে তাতে  বিদ্যালয় গমনোপযোগী ১০০% শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং নিরক্ষরতা দূরীকরণসহ সকল শিশুর দৈহিক, মানসিক, সামাজক, নৈতিক, মানবিকও নান্দনিক বিকাশ সাধনের মাধ্যমে উন্নত জীবন দর্শনে উদ্বুদ্ধ করণের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং সেই উদ্দেশ্য সাধনে বর্তমান সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সেই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যক্রম অনুসারে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ তথা বই উৎসব পালন,  শিক্ষা উপকরণ প্রদান, উপবৃত্তি , আকর্ষণীয় শ্রেণিকক্ষ, শিক্ষকদের মৌলিক কম্পিউটার শিক্ষাসহ ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান,শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন , মা-সমাবেশ ,বিদ্যালয়গুলোতে খেলাধূলা ও বিনোদনের নানা ব্যবস্থা ,শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা,বিদ্যালয়গুলোতে মানসম্মত ওয়াশব্লক নির্মানসহ নানা কর্মসূচী।

আবার স্থানীয় উদ্যোগে কোন কোন জায়গায়  পরিচালিত হচ্ছে “মিড ডে মিল” কর্মসূচি যা শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধিতে এবং ঝরে পড়া রোধে সহায়ক ভূমিকা রাখছে। অন্যদিকে শিক্ষার্থীদের নিকট পাঠকে আর্কষণীয় ও আনন্দদায়কভাবে উপস্থাপনের জন্য দেয়া হচ্ছে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যকরী প্রশিক্ষণ।

অপরদিকে আইন করে বন্ধ করা হয়েছে শিক্ষার্থীদের শারীরিক বা মানসিক নির্যাতন । শিক্ষকগণ এখন আর শিক্ষার্থীদের জন্য ভীতি নয় বরং বন্ধু ,আস্থার আশ্রয়স্থল । কিন্তু তারপরও প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ঝরে পড়া শিক্ষার্থীর  সংখ্যা কাঙ্খিত হারে কমছে না । প্রাথমিক শিক্ষা বিস্তারে সরকারী / স্থানীয় নানামুখী উদ্যোগের অভাব না থাকলেও ঝরে পড়ছে উল্লেখযোগ্য শিক্ষার্থী । প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার নির্ণয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  ২০০৮ সালে “Participatory Evaluation: Cause of Primary School Drop-Out” শিরোনামে একটি গবেষণা করে । গবেষণার এ প্রতিবেদন প্রকাশ করা হয় ২০০৯ সালে । এখানে দেখানো হয়েছে ৫০ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে অর্থাৎ ঝরে পড়ার হার ৪৯.৩ শতাংশ।

অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান গণ সাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ প্রতিবেদন ২০০৮ অনুযায়ী পঞ্চম শ্রেণি শেষ করতে পারে ৫০ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী । তবে বর্তমানে এ অবস্থার অনেকটা উন্নতি ঘটেছে। শিক্ষা বিশেষজ্ঞ রাশেদা কে চৌধুরী তাঁর লেখায় (শিক্ষায় ঝরে পড়ে বৃষ্টিরা, প্রথম আলো ৮/১১/১৪) প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ২০ শতাংশ বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেছেন , এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার গড়ে ৩০ শতাংশ । তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য মতে ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমেছে । তাদের মতে ২০১০ সালে ঝরে পড়ার হার ছিল ৩৯.৫% আর ২০১৮ সালে তা ১৮.৬% এ নেমে এসেছে। প্রাথমিক বিদ্যালয় শুমারি ২০১৮- এর তথ্য মতে নীট ভর্তির হারেরও উন্নতি হয়েছে। ২০১০ সালে যেখানে নীট ভর্তির হার ছিল ৯৪.৮% সেখানে ২০১৮ সালে তা ৯৭.৮৫% এ উন্নীত হয়েছে। অর্থাৎ এখনও শতকরা তিন জনেরও বেশি শিশু বিদ্যালয়ে ভর্তিই হতে পারছে না। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তি না হওয়া কিংবা বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার এ চিত্রটি একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য মোটেও ইতিবাচক নয় ।

আর এ ভর্তি না হওয়া বা ঝরে পড়ার মূলে যে বিষয় গুলো পরিলক্ষিত হয় অর্থাৎ প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে অন্তরায় হিসেবে পরিগণিত বিষয়গুলো হচ্ছে – দারিদ্র, শিক্ষার পরিবেশ ও জনবলের অভাব ,অনুন্নত যোগাযোগ ব্যবস্থা , ধর্মান্ধতা, বয়ঃসন্ধি, অভিভাবকদের উদাসীনতা ,শিশুশ্রম ,বাল্যবিবাহ ইত্যাদি । এগুলো হচ্ছে সামাজিক অন্তরায় । অন্যদিকে রয়েছে বিদ্যালয়ের দীর্ঘ সূত্রিতা বিরতিহীন ক্লাস, রুটিন বা পাঠ্যসূচিতে খেলাধূলা ও সংস্কৃতি চর্চার তথা বিনোদনের সূযোগ কম থাকা,পাঠ্যসূচীর ভারে জর্জরিত পাঠ্যবইয়ের বোঝা । তবে বর্তমানে পরিমার্জিত পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তকে এ বোঝা অনেকাংশে লাঘব হয়েছে । অদূর ভবিষ্যতে এ বোঝা আরও কমবে বলে বিশেষজ্ঞগণ প্রত্যাশা করেন। শিক্ষা বিশেষজ্ঞদের মতে , শিক্ষা অর্জন করা প্রতিটি শিশুসহ রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার । আর এ অধিকার বাস্তবায়নে দেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে প্রাথমিক শিক্ষায় অধিক মনোযোগি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই । তাই বিদ্যালয়ের সময়সূচীতে পরিবর্তন তথা কমিয়ে এনে শিশুদের শিক্ষার পাশাপাশি বিশ্রাম ও বিনোদনে সহায়তা প্রদান এবং বইএর বোঝা নয় বরং শিশুর বয়স ,রুচি ও সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয় ভীতি দূর করে বরং বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে ।

প্রাথমিক শিক্ষায় শিক্ষক ঝরে পড়াও বিবেচনায় নেওয়া প্রয়োজন। আকর্ষণহীন বেতন কাঠামো, পদোন্নোতির সুযোগ না থাকা, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এই পেশাটি সম্মানজনক না হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ডিপিএডসহ অন্যান্য পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পরেও ঝরে পড়ছে। এতে একদিকে যেমন সরকারের অর্থ অপচয় হচ্ছে অপর দিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষকদের জন্য একটি মানসম্মত স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন অথবা যোগ্যতা ভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন, পদোন্নতির সুব্যবস্থা রাখাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়ার হার রোধ করা কারো একার পক্ষে সম্ভব নয় ।

এখানে শিক্ষক, অভিভাবক,স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন । দেশের স্বার্থে যে কোনো মূল্যে সব ধরণের ঝরে পড়া রোধ করতে হবে । শিশু ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে  আনতে না পারলে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। বাধাগ্রস্ত হবে সরকারের  সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ( MDG) এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( SDG) অর্জন।

 

লেখকঃ  মোঃ আইয়ুব আলী
প্রধান শিক্ষক
ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
বোয়ালিয়া, রাজশাহী।