সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররমের খণ্ডিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
সোমবার (১৮ মে) দুপুরে র্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মোকাররম পরকীয়া সম্পর্কের জেরে হত্যার শিকার হন। অভিযুক্তরা তাকে হত্যা করার পর মরদেহ ৮ টুকরা করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেয়।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে র্যাব আরো জানতে পেরেছে, ৫ লাখের বেশি টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে পরকীয়া প্রেমিকা ও তার সহযোগী ঘুমের ওষুধ খাইয়ে মোকাররমকে হত্যা করে। পরে মরদেহ খণ্ড-বিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে রাখে।
এর আগে রবিবার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা আব্দুল গনি রোডের একটি বাড়ির নিচ থেকে এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মরদেহের মাথার অংশও উদ্ধার করা হয়।
পরে মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বিকেল ৩টায় রাজধানীর শাহজাহানপুরে র্যাব-৩ কার্যালয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।










