সদ্য প্রকাশিত
রিজভী আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
মতামত

প্রধানমন্ত্রীর এবারের লন্ডন সফরে নতুন মাত্রা

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৯৭ মিনিট পড়া
প্রধানমন্ত্রীর এবারের লন্ডন সফরে নতুন মাত্রা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের লন্ডন সফর একটা ভিন্নমাত্রা পেয়েছে। অবশ্যই তিনি চোখের জরুরি চিকিৎসার জন্য এসেছেন; কিন্তু সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কথাটিও ভোলেননি।

এবার ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের লন্ডনে ডেকে এনে বৈঠক করেছেন এবং ইউরোপের দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের সামঞ্জস্য রক্ষা এবং সাহায্য-সহযোগিতার ক্ষেত্রটি আরও উন্নত করা সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য রাষ্ট্রদূতদের কাছ থেকে প্রধানমন্ত্রী যেমন বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছেন, তেমনি এ পরিস্থিতিতে তাদের করণীয় কী সে সম্পর্কেও ব্রিফিং দিয়েছেন।

শেখ হাসিনা যখন লন্ডনে, সে সময়েই ব্রিটেনে রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। তেরেসা মের পরিবর্তে টোরি সরকারের নতুন নেতা ও প্রধানমন্ত্রী হয়েছেন বরিস জনসন। তিনি বাংলাদেশের কাছে অপরিচিত নন, আবার বাংলাদেশও তার কাছে অপরিচিত নয়। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশ সফর করেছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের দুরূহ কাজে শেখ হাসিনার ধৈর্য ও দক্ষতার প্রশংসা করেছেন।

এ নতুন টোরি সরকার এবং তার নতুন নেতার সঙ্গে সমঝোতা আরও দৃঢ় করার কাজটি শেখ হাসিনা হয়তো লন্ডনে অবস্থানের সময় নিজেই করে যেতে পারবেন। আগে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক থাকলেও ব্রিটেনের মাধ্যমেও এ সম্পর্কটি আরও ভালোভাবে বাঁধা ছিল। এখন বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক (deal or no deal) যদি ৩১ অক্টোবরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে আসেন, তখন বাংলাদেশকে ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেন ও ইউরোপের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক ও সহযোগিতার পুনর্মূল্যায়ন করতে হবে।

আমি সঠিকভাবে জানি না। তবে বাংলাদেশের একাধিক কূটনীতিকের (যারা লন্ডনে এসেছেন) সঙ্গে আলাপ করে ধারণা হয়েছে, ইউরোপের ব্রেক্সিট পরিস্থিতি নিয়েও রাষ্ট্রদূতদের বৈঠকে আলোচনা হয়েছে। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নে থাকবে কী থাকবে না বা ইউরোপ এ সম্পর্কে কী ভূমিকা নেবে, তাতে বাংলাদেশের কিছু বলার কথা নেই। বাংলাদেশ দেখবে তার স্বার্থ ও অধিকার। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য বিরোধ থেকে দূরে থেকে বাংলাদেশকে দু’পক্ষের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শুধু রক্ষা করা নয়, আরও বাড়াতে হবে। তারই উপায় ও নতুন পন্থা সম্পর্কেও প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়।

এ বৈঠকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডাকা না হলেও, পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্ভাব্য যুদ্ধ এবং তার প্রচণ্ড ঢেউ বাংলাদেশে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে আনুষ্ঠানিক আলোচনা না হলেও বিষয়টি একেবারে এড়িয়ে যাওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী এ কথা এখনও অনেকে মনে করেন না। ডোনাল্ড ট্রাম্পের জঙ্গি চালাকি এখন অনেকেই ধরে ফেলেছেন। এটা হল ধমক দিয়ে কার্য উদ্ধার, ধমক বা হুমকি দিয়ে কোনো কাজ না হলে আবার গোঁফ নামিয়ে নেয়া। উত্তর কোরিয়ার সঙ্গে তার ব্যবহারের এই নীতির আভাস পাওয়া গেছে।

তবে ট্রাম্পের সাম্প্রতিক কার্যকলাপে মনে হয় তিনি ইরানের সঙ্গে বিবাদে নতুন কৌশল নিয়েছেন। তিনি অন্যের কাঁধে বন্দুক রেখে অন্যদের দ্বারা যুদ্ধটা করাতে চান। আবার নতুন করে মার্কিন সৈন্যক্ষয় করে আগামী বছরের নির্বাচনের আগে ভোটদাতাদের বিরাগভাজন হতে চান না। তাই হরমুজ প্রণালিতে ব্রিটেনের দ্বারা ইরানি তেলবাহী ট্যাঙ্কার আটক করিয়েছেন। ইরান শোধ নিতে দুটি ব্রিটিশ ট্যাঙ্কার আটক করেছে। আমেরিকার কোনো ক্ষতি হয়নি। আমেরিকা উপসাগরীয় অঞ্চলে উসকানিমূলক যুদ্ধ জাহাজ পাঠিয়েই খালাস।

আমেরিকা একদিকে ব্রিটেনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানোর জন্য উসকানি দিচ্ছে। অন্যদিকে সৌদি আরবে নতুনভাবে সেনা মোতায়েন বাড়িয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা চালাচ্ছেন। এই যুদ্ধ শুরু হলে ইসরাইল অবশ্যই সৌদি আরবের মিত্র হবে। পেছনে অস্ত্র ও পরামর্শদাতা হিসেবে থাকবে আমেরিকা। যেমনটা ইরান-ইরাক আট বছরব্যাপী যুদ্ধের সময় ঘটেছিল।

এই যুদ্ধ যদি শুরু হয়, তাহলে গোটা উপমহাদেশ- তথা বাংলাদেশেও তার প্রতিক্রিয়া বর্তাবে না তা নয়। তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বাড়বে। যোগাযোগ ও চলাচল ব্যবস্থায় অসুবিধা, আমদানি-রফতানি বাণিজ্য খর্ব হবে। গত দুই গালফ যুদ্ধেই আমরা এসব সমস্যা ও সংকট প্রত্যক্ষ করেছি।

জানি না, অন্যান্য বিশ্ব সমস্যার মতো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সঙ্গে আরেকটি নতুন যুদ্ধ শুরু হলে বাংলাদেশ তার কালোছায়া কীভাবে ঠেকাবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেছেন কিনা। এক কূটনীতিক আমাকে জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গটি বৈঠকে বিশদভাবে আলোচিত হয়নি। কিন্তু অন্যান্য বিষয় আলোচনার মধ্যে কয়েকবারই এসেছে।

বাংলাদেশের বন্যা ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও ইউরোপে নিযুক্ত দূতদের বৈঠকে কথা উঠেছে। দেশে বন্যাঞ্চলে ইতিমধ্যেই সামরিক বাহিনীর তিন প্রধান জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন এবং ত্রাণকার্যে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়েছে। বন্যা এবং রোহিঙ্গা পরিস্থিতি দুই-ই ইউরোপিয়ান সাহায্যদাতা দেশগুলোকে অবহিত রাখা দরকার।

রোহিঙ্গাদের আরও দ্রুত ফিরিয়ে নেয়া এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে মিয়ানমারের ওপর ইউরোপিয়ান দেশগুলোর আরও চাপ বাড়ানো আবশ্যক। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে চীনের সাহায্য অত্যাবশ্যক। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরে বেইজিংয়ের কাছ থেকেও এ সম্পর্কিত প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন।

এক কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরগুলোর সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সব ধরনের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে শেখ হাসিনার সরকারের কূটনৈতিক সাফল্যের সঙ্গে তার নিজস্ব কূটনৈতিক সাফল্য যোগ হয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের প্রভাব এবং গুরুত্ব দুই-ই যে বেড়েছে এটা লক্ষণীয়।

শেখ হাসিনার এবারের লন্ডন সফরের সময় আরেকটি ঘটনার কথা উল্লেখ না করলে লেখাটি অসমাপ্ত থেকে যাবে। এবার প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য লন্ডনে একটু বেশিদিন থাকছেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার, যুক্তরাজ্যের বিএনপি এবার শেখ হাসিনার হোটেলের সামনে অষ্টপ্রহর বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেনি। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা বলেছেন, ‘এবার নেত্রীর হোটেলের সামনে বিএনপির একজনও লোক না দেখে আমরা বিস্মিত হয়েছি।’

এর আসল কারণ তারেক রহমান ছাড়া কেউ সম্ভবত জানেন না। যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারাও পরিষ্কারভাবে মুখ খুলছেন না। তাদের কথা পরস্পরবিরোধী।

তবে কারও কারও কথায় জানা গেছে, শেখ হাসিনার অসুস্থতার জন্য এবার নাকি বিক্ষোভ প্রদর্শন স্থগিত রয়েছে। তারেক রহমান এবার নাকি একটু উদার হয়েছেন।

এখানে প্রশ্ন, শেখ হাসিনা এর আগেও কানের চিকিৎসা, চোখের চিকিৎসা, সাধারণ চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। তখন তো বিক্ষোভ বন্ধ রাখা হয়নি। তাহলে এবার এই উদারতা কেন? এটা কি উদারতা না অক্ষমতা? অষ্টপ্রহর বিক্ষোভ প্রদর্শনের জন্য লোক ভাড়া, গাড়ি ভাড়া, তাদের খাওয়া-দাওয়ার জন্য বিরাট অর্থ লাগে। সারা দিন রাস্তায় দাঁড়ানোর উদ্যমও লাগে। বিএনপির সেই অর্থ ও উদ্যম কি ফুরিয়ে যাচ্ছে?

না, তা হয়নি। বিএনপির ঘনিষ্ঠ মহলের একজনের কাছ থেকে জানলাম, তারেক রহমান এবার একটু শঙ্কিত হয়েছেন। আওয়ামী লীগের আরও প্রায় ৫ বছর ক্ষমতায় থাকা নিশ্চিত হওয়া এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকা ও লন্ডনের মধ্যে আলোচনা ধীরে হলেও এগোতে থাকায় তার মনে ভয় ঢুকেছে। তাছাড়া বিএনপি আশু ক্ষমতায় যেতে পারছে না এটি নিশ্চিত হওয়ায় তারেক রহমানের ডোনারদের সংখ্যাও নাকি বিরাটভাবে কমেছে।

সব মিলিয়ে তারেক রহমানকে সম্ভবত দম নিতে হয়েছে এবার। লন্ডনের বিএনপিঘেঁষা মহল থেকে আরেকটি কথা জানা যায়। ‘আন্দোলন করে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে আনব’ একথা বলে বিএনপি নেতারা যতই চাপাবাজি করুন, এ সত্যটা তারা জানেন, তারা আন্দোলন করতে পারবেন না এবং সহসা খালেদাকে মুক্ত করতেও পারবেন না। বেগম জিয়াকে শিগগিরই মুক্ত করা না গেলে বিএনপির অস্তিত্ব অথবা অখণ্ডতা বেশিদিন টিকিয়ে রাখা যাবে না। এরশাদের অবর্তমানে জাতীয় পার্টিতে কী চলছে তারা তা জানেন।

এজন্য তারা চান সরকারের সঙ্গে কোনো সমঝোতা দ্বারা বেগম জিয়াকে জামিনে হলেও মুক্ত করে আনতে। এজন্য তলে তলে একটা উদ্যোগও চলছে। তারেক রহমান হয়তো আশা করছেন, তার মাকে জেলমুক্ত করার ব্যাপারে এই উদ্যোগ যদি সফল হয় তাহলে তাকে দেশে ফিরিয়ে নিয়ে জেলে ঢোকানোর চেষ্টাও হয়তো বাংলাদেশ সরকার হ্রাস করছে।

লন্ডনে বিএনপিসংশ্লিষ্ট মহলেরই কারও কারও ধারণা, শেখ হাসিনার এবারের লন্ডন সফরের সময় তারেক রহমানের সাদা পতাকা ওড়ানোর এটাও একটা কারণ হতে পারে।

গুজব থেকে আসল তথ্য টেনে বের করা মুশকিল। তাই লন্ডনে এবার বিএনপি কেন বিক্ষোভ প্রদর্শনে বিরত রইল, তা নিয়ে আলোচনা বাড়াতে চাই না। তবে শেখ হাসিনার এবারের লন্ডন সফর যে কেবল চিকিৎসার জন্য সফর নয়, এটা এখন আর অনুমানের ব্যাপার নয়। এ সফরে রয়েছে এক নতুন মাত্রা, যা বিশ্বের বর্তমান দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান স্থিতিশীল করবে।

লন্ডন, বুধবার, ৩১ জুলাই ২০১৯