সিল্কসিটিনিউ ডেস্ক:
প্রথমবারের মতো বিগ ব্যাশে মুস্তাফিজুর রহমান। খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।
সুযোগটা এসেছে জেসন বেহরেনডর্ফ চোট পাওয়ায়। কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার।
বেহরেনডর্ফের বদলেই মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৩১ বছর বয়সী বাঁহাতি পেসার দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মেলবোর্ন।

সতীর্থ হিসেবে পাবেন এবার মেলবোর্নে যোগ দেওয়া ইংলিশ তারকা জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে।
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ অভিজ্ঞ মুস্তাফিজ। এখন পর্যন্ত ৩৩১ ম্যাচে তার শিকার ৪২৩ উইকেট। তবে এত দিন বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তার।
এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
টুর্নামেন্টের শুরু থেকেই মেলবোর্নের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজ। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্নের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশি পেসার। তবে ১ জানুয়ারি সিডনি সিক্সার্স ও ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে খেলার কথা রয়েছে তার।
রেনেগেডসে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মুস্তাফিজ।
ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে তর সইছে না।’
দলের কোচ লুক রনকিও মুস্তাফিজকে পেয়ে খুশি। তার মতে, পাওয়ার প্লে ও ডেথ ওভারে মুস্তাফিজের উইকেট নেওয়ার সামর্থ্য মেলবোর্নের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।









