সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

প্রত্যাশিত সংলাপ আজ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৮৪ মিনিট পড়া
প্রত্যাশিত সংলাপ আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আজ বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সংলাপ। গণভবনে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনায় বসবেন।

এতে শাসক দল সংবিধানের আলোকে এবং ঐক্যফ্রন্ট সাত দফাকে গুরুত্ব দেবে। সংকট সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল না দেয়ার অনুরোধ জানাতে পারেন ফ্রন্টের নেতারা। সংলাপে আ’লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্ব দেবেন।

বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর আগে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের তালিকা সরকারের কাছে হস্তান্তর করে। এ রাতে দেশি এবং বিদেশিদের নজর থাকবে গণভবনের দিকে। শেষ পর্যন্ত সংলাপ সফল হয় কিনা তা দেখার অপেক্ষায় পুরো জাতি। ছাড় দিয়েও হলে দুই পক্ষকে সমাধানে পৌঁছা উচিত বলে মনে করছেন সব শ্রেণী-পেশার মানুষ। সংলাপ সফল হবে এমন প্রত্যাশার মাত্রা ক্রমেই বাড়ছে।

দীর্ঘ প্রতীক্ষার এই সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা। আলোচনা শেষে নৈশভোজের আয়োজন রয়েছে। এর মেন্যুতে থাকছে ড. কামালের পছন্দের চিজ কেকসহ ১৭ পদের খাবার।

তবে এ ডিনারে অংশ নেবে না ঐক্যফ্রন্টের নেতারা। এ প্রসঙ্গে ফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা ডিনারে অংশ নেব না। আমরা তো সংলাপে যাচ্ছি, ডিনার করতে তো যাচ্ছি না। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রধানমন্ত্রীর ডিনারে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় দলটি। তাদের এ সিদ্ধান্তের বিষয়টি ফ্রন্টের নেতাদের জানালে তারাও এতে সম্মতি জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের পর শুক্রবার বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে বসছেন তিনি। এছাড়া আসল বিএনপির পক্ষ থেকে কামরুল হাসান নাসিম সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক দল বা জোটের এটাই প্রথম সংলাপ। এ উপলক্ষে দু’পক্ষেরই প্রস্তুতি চূড়ান্ত। নানা কৌশল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সাত দফার ভিত্তিতেই আলোচনা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ক্ষেত্রে নিরপেক্ষ সরকারের ওপরই বেশি জোর দেয়া হবে। এর পাশাপাশি সরকার চাইলে নির্বাচনকালীন সরকারের রূপরেখাও দিতে পারেন তারা। খালেদা জিয়ার সাজার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরবেন। সাত দফা দাবি না মানলে বিকল্প ভাবনাও কি হবে সেটাও চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্যদিকে সরকার সাত দফা দাবি এড়িয়ে ফ্রন্টকে বিকল্প প্রস্তাব দিতে পারে।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, আলোচনার শুরুটা সৌহার্দ্য ও শুভেচ্ছাসিক্ত হবে। আওয়ামীলীগের তরফ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের ২টি প্রশ্ন ও ৩টি প্রস্তাব দেয়া হতে পারে। ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে তাদের কোনোভাবেই নিরাশ করতে চায় না আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে বেশ কয়েকটি বিষয়ে সহমতে আসতে চান শাসক দলের নেতারা। আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকার ও পরবর্তী সরকার নিয়ে ড. কামাল হোসেনকে তিনটি প্রস্তাব দেয়া হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে অন্তর্ভুক্তির প্রস্তাব দেয়ার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ ৩টি মন্ত্রণালয় দেয়ার কথা থাকতে পারে ওই প্রস্তাবে। সম্ভাবনা আছে নির্বাচন পরবর্তী ঐকমত্যের সরকারে তাদের অংশগ্রহণের প্রস্তাব দেয়ার। কাক্সিক্ষত মন্ত্রণালয় ও বিভাগ নিতে চাইলে আলোচনাও করতে পারবেন আমন্ত্রিত নেতারা। আর এই দুই প্রস্তাবে সম্মতি এলে নির্বাচন ও অংশগ্রহণ নিয়ে আরেকটি সমঝোতার প্রস্তাব দেয়া হতে পারে জাতীয় ঐক্যফ্রন্টকে।

সংলাপ সফল করতে দু’পক্ষকে সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, আলোচনার আগেই দেয়াল তোলা যাবে না। তেমনি কোনো বিষয়ে অনড় থাকা যাবে না। ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনা করতে হবে। উভয় পক্ষের সদিচ্ছা থাকলেই ভালো কিছু হতে পারে। গণমানুষের প্রত্যাশা সংলাপের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। আলোচনা থেকে দেশের ভালো হয় এমন কিছু বেরিয়ে আসুক। তরুণ সমাজ মনে করছেন দু’পক্ষ যেহেতু বসছে কাজেই ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসার সম্ভাবনাই বেশি। তাদের মতে, উভয়পক্ষ ছাড় দেয়ার মানসিকতা নিয়ে বসলেই সম্মানযোগ্য সমাধান আসতে পারে। সূত্র: যুগান্তর