সিল্কসিটিনিউজ ডেস্ক :
জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা এলাকার মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেছেন ওই তরুণীর মা।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের তিন সন্তানের জনক হুরমুজ আলী গত ১৮ আগস্ট দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই তরুণীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এরপর তরুণীর চিৎকারে তার স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ভুক্তভোগী তরুণীর মা জানান, তার মেয়ে মানসিক প্রতিবন্ধী। তাকে একা পেয়ে হুরমুজ আলী এ কাজ করেছে। হুরমুজ আলী বিবাহিত।
স্থানীয় প্রভাবশালী একটি চক্র বিষয়টি ধাপাচাপা দেওয়ার জন্য তাদের উপর চাপ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ‘এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। তরুণীকে উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামি হুরমুজ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










